সংবাদদাতা, কাটোয়া : মঙ্গলকোটের নিগনে ট্রেনের চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন যুবক। তবে, সামান্য জখম হয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালের ঘটনায় কাটোয়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। কাটোয়ার স্টেশন ম্যানেজার অমিত কুমার বলেন, আপ বর্ধমান-কাটোয়া লোকাল ট্রেনটি আসার সময় চালক দেখতে পান লাইনের সামনে এক যুবক সম্ভবত আত্মহত্যার জন্য বসে ছিলেন। চালক কোনওমতে গাড়ি থামিয়ে দেয়। সামান্য জখম হন ওই যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অজ্ঞাত পরিচয় ওই যুবককে রেল লাইনের উপরে বসে থাকতে দেখেন ট্রেনের চালক। সঙ্গে সঙ্গেই তিনি ব্রেক কষে গাড়ি থামানোর চেষ্টা করেন। তাতে সামান্য জখম হলেও প্রানে বেঁচে যায় যুবকটি। বেশ কিছুক্ষণ ট্রেনটি নিগন স্টেশনে দাঁড়িয়েও থাকে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



