Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মঙ্গলকোটে তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় উদ্ধার হওয়া সাদা গাড়ি ঘিরে রহস্য বাড়ছে

মঙ্গলকোটে তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় উদ্ধার হওয়া সাদা গাড়ি ঘিরে রহস্য বাড়ছে
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলকোটে রহস্যজনকভাবে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল নেতার। তাতে পরিকল্পনা করে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। একটি সাদা চার চাকাও উদ্ধার করেছে পুলিস। তিনদিন কেটে গেলেও ঘটনার কিনারা হয়নি। চার চাকা গাড়ির মালিক কে, তাই নিয়ে রহস্য আরও বাড়ছে। 
Advertisement
প্রসঙ্গত, বুধবার বিকেলে কাটোয়া আদালত থেকে কাজ সেরে বাইকে বাড়ি ফিরছিলেন মঙ্গলকোটের লাখুরিয়া অঞ্চলের তৃণমূলের সভাপতি মফিজুল শেখ ও লালু শেখ। নতুনহাট-গুসকরা রোড ধরে তাঁরা আটঘরা যেতেই একটা চারচাকা গাড়ির সঙ্গে বাইকটির ধাক্কা লাগে। এর মধ্যে হাসপাতালে লালু শেখকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলকাতায় চিকিৎসা চলছে মফিজুলের। বৃহস্পতিবার মৃতের ছেলে সাহিন শেখ মঙ্গলকোট থানায় দলের নেতা-কর্মীদের নামে লিখিতভাবে খুনের অভিযোগ জানান। তিনি তাঁর অভিযোগে পুলিসকে জানিয়েছেন, পরিকল্পিতভাবে তাঁর বাবাকে খুন এবং অঞ্চল সভাপতিকে খুনের চেষ্টা করা হয়। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক, আইএনটিটিইউসির নেতা, যুব নেতা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ ২৩ জনের নামে খুনের অভিযোগ করা হয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিস চানকের একটি দোকানের পিছন থেকে চারচাকা গাড়িটি উদ্ধার করে। কারণ ভাইরাল হয়েছে একটি ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান)। সেখানে দেখা যাচ্ছে দু’জন বাইকে চড়ে একটি চারচাকার পিছনে ধাক্কা মেরেছে। তারপরেই বাইক আরোহীরা উল্টে পড়েন। ওই ভিডিওকে সত্যি বলে ধরে নিলেও একগুচ্ছ প্রশ্ন থেকে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে দু’জন যেভাবে পড়ে যাচ্ছেন, তাতে গুরুতর আঘাত কীভাবে লাগতে পারে। তাছাড়া তৃণমূলের একটি সূত্রের দাবি, মফিজুলরা যে চারচাকার সঙ্গে দুর্ঘটনা ঘটায়, তার মালিক নাকি লাখুরিয়ার অসীম দাস খুনে অভিযুক্ত ছিল। তাই খুনের তত্ত্ব আরও জোরালো ভাবে তুলেছে মৃত তৃণমূল নেতার পরিবার। কারণ ২০২১ সালে লাখুরিয়ার অঞ্চল তৃণমূল সভাপতি অসীম দাসকে গুলি করে খুন করা হয়। ওই খুনে মঙ্গলকোটের কোটালঘোষ, আমডোব সহ বেশ কয়েকটি গ্রামের একাধিক তৃণমূল কর্মীর নাম জড়ায়। তারা মফিজুল শেখের বিরুদ্ধ গোষ্ঠীর বলে পরিচিত ছিল। তাছাড়া দুর্ঘটনাগ্রস্ত বাইকটিতে কোনও আঁচড়ও লাগেনি। তাই গাড়ির আসল মালিক কে, তা জানা গেলেই দুর্ঘটনার কিনারা করা যাবে বলে পুলিসের অনুমান। তাছাড়া মৃত তৃণমূল নেতার ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই নিশ্চিত হবেন তদন্তকারীরা। 
এদিন তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, পুলিসের উপর আমাদের আস্থা আছে। তারা তদন্ত করে রহস্যের কিনারা নিশ্চয় করবে। মঙ্গলকোট থানার আইসি মধুসুদন ঘোষ বলেন, গাড়ির মালিক কে, সেটা জানার চেষ্টা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ