সংবাদদাতা, কাটোয়া : মঙ্গলকোটের নপাড়া গ্রামের সেচনালা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার দুপুরে পুলিস মৃতদেহ উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মঙ্গলকোটের নপাড়া গ্রামে সেচনালায় ওই অজ্ঞাত পরিচয় যুবকের দেহটি ভাসতে দেখে স্থানীয়রাই পুলিসে খবর দেয়। পরে মঙ্গলকোট থানার পুলিস গিয়ে দেহ উদ্ধার করে। ওই যুবকের হাতে একটি ট্যাটু ছিল। সেখানে ‘রাহুল’ বলে একটি নাম লেখা রয়েছে। তাঁর বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছর। দেহটি সেচখালের জলে নগ্ন অবস্থায় চিত হয়ে পড়েছিল। ওই যুবকের ডান চোখের কাছে রক্ত দেখতে পাওয়া যায়। পুলিস জানিয়েছে, ময়নাতদন্ত করেই সব জানা যাবে। যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।



