সংবাদদাতা, বর্ধমান: মঙ্গলকোট থানার মারতুবা গ্রামে মামাবাড়িতে প্রেমিককে ভিডিও কল করে গায়ে আগুন লাগিয়ে এক যুবতী আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম ইভানা ইয়াসমিন(২০)। শনিবার সন্ধ্যায় বাড়ির দোতলায় প্রেমিককে ভিডিও কল করে নিজের গায়ে আগুন লাগিয়ে নেন তিনি। চিৎকার শুনে পরিবারের লোকজন দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে নতুনহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রবিবার ভোরে তিনি মারা যান। মৃতার মামা ফিরদৌস শেখ বলেন, ভাগ্নির এলাকারই এক যুবকের সঙ্গে দু’বছর ধরে ভালোবাসার সম্পর্ক ছিল। কয়েকমাস আগে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটে। কিন্তু, ওই যুবক ভাগ্নিকে হামেশাই উত্ত্যক্ত করত। ঘটনার দিনও মোবাইলে ভিডিও কল করে ভাগ্নিকে কিছু কথা বলে সে। এরপরই ভাগ্নি গায়ে আগুন লাগিয়ে নেয়। ভাগ্নির চিৎকার শুনে আমরা ছুটে যাই। দরজা ভেঙে ভাগ্নিকে উদ্ধার করি।



