Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মঙ্গলকোটে অভিষেকের ছবি দেওয়া ফ্লেক্সে আগুন

মঙ্গলকোটে অভিষেকের ছবি দেওয়া ফ্লেক্সে আগুন
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলকোটের কুড়ুম্বা গ্রামে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স পোড়ানো হল। সোমবার রাতের ওই ঘটনার পর মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এলাকায় উত্তেজনা ছড়ায়। কৈচরে বর্ধমান-কাটোয়া রাস্তা অবরোধ ও পুলিস ফাঁড়ি ঘেরাও করে তৃণমূল। পুলিসকে চুড়ি পরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা। ঘটনায় সিপিএমের দিকে অভিযোগ উঠলেও দলীয় কোন্দল বলেই দাবি বামেদের। ১জানুয়ারি কৈচরে বিধায়কের অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তা নিয়ে মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলের কুড়ুম্বা গ্রামে ২৩১নম্বর বুথে দলনেত্রী ও অভিষেকের ছবি দেওয়া ফ্লেক্স টাঙানো হয়। অভিযোগ, সেই ফ্লেক্স ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। চারজনের নামে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। বিধায়ক গোষ্ঠীর লোকজনের দাবি, ওই চারজন সিপিএম কর্মী। যদিও সিপিএমের রাজ্য কমিটির নেতা অচিন্ত্য মল্লিক বলেন, অন্য দলের পতাকা-ফ্লেক্স পুড়িয়ে দেওয়া সিপিএমের কালচার নয়। এটা তৃণমূলের দলীয় কোন্দল। 
Advertisement
এদিন তৃণমূল কর্মীরা কৈচরে বিধায়কের অফিসের সামনেই পুলিস ফাঁড়ি ঘেরাও করেন। ক্ষীরগ্রামের অঞ্চল তৃণমূল সভাপতি মাসদুর রহমান পুলিসের উদ্দেশে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, দোষীদের এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। না হলে আপনাদেরকেও হাতে চুড়ি পরিয়ে দেব। তিনি জানান, যারা দলীয় নেত্রীর ছবি পুড়িয়ে রাজনীতি করবে তারা কখনোই তৃণমূল হতে পারে না। ওরা চারজন সিপিএম পার্টি অফিসে দলের কর্মসূচিতে যোগ দিয়েছিল। আমার কাছে ছবি আছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধায়কের পাশাপাশি পালিশগ্রামে ওইদিনই একটি ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানেও দলের একাংশ যোগ দেওয়ার কথা। তারজন্য আগে থেকেই ফ্লেক্স টাঙানো হচ্ছে। কুড়ুম্বা গ্রামে ওই ক্লাবের নামে ফ্লেক্স টাঙাতে গিয়েও বিধায়ক গোষ্ঠীর লোকজনের কাছে বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। তা নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে কোন্দল শুরু হয়েছে। তৃণমূলের যুব নেতা সোয়াইব আলি শেখ বলেন, ক্লাবের রক্তদান শিবিরে আমরা যোগ দেব ঠিকই। কিন্তু আমরা ফ্লেক্স পোড়াইনি। মিথ্যা অভিযোগে তোলা হচ্ছে। পুলিস তদন্ত করে দেখুক। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, আমরা পুলিসকে ব্যবস্থা নিতে বলেছি। 
সম্পর্কিত সংবাদ