সংবাদদাতা, কাটোয়া: বৃহস্পতিবার দুপুরে মঙ্গলকোটের ক্ষীরগ্রামে একটি গাছ থেকে এক বধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস। ধামাচিপাড় এলাকায় বধূর ঝুলন্ত দেহ দেখে স্থানীয়রাই পুলিসে খবর দেন। পরে পুলিস দেহটি উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পুলিস জানিয়েছে, মৃতের নাম সন্তোষী দিগের(৩৫)। তাঁর বাড়ি ক্ষীরগ্রামের ধামাচিপাড় এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্তোষীদেবী তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। এদিন এলাকার একটি গাছ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি নিয়ে রহস্য দেখা দিয়েছে। এদিন মৃতের স্বামী প্রণব দিগের বলেন, আমার স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। গত ১৩ জানুয়ারি রাতে এ নিয়ে আমাদের দু’জনের মধ্যে ঝগড়া হয়। তারপরেই সে বাড়ি ছেড়ে চলে যায়। কীভাবে এমনটা হল বুঝতে পারছি না।



