Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মঙ্গলবাড়ির সারদা কলোনিতে প্রত্যেকবারই বর্ষবরণ হয় নাম ও লীলা কীর্তনের মধ্য দিয়ে

মঙ্গলবাড়ির সারদা কলোনিতে প্রত্যেকবারই বর্ষবরণ হয় নাম ও লীলা কীর্তনের মধ্য দিয়ে
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: বছর শেষে ইংলিশবাজার শহরে কার্নিভাল শুরু হয়েছে। ৩০ ডিসেম্বর থেকে পুরাতন মালদহ শহরের তাঁতিপাড়া মাঠে কার্নিভাল শুরু হচ্ছে। তবে কার্নিভাল নয়, পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ির সারদা কলোনিতে বর্ষবরণ করা হয় নাম ও লীলা কীর্তনের মধ্যদিয়ে। ১ জানুয়ারি ওই বিরাট লোক সংস্কৃতির অনুষ্ঠান শুরু হতে চলেছে। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানের সময় ১০ দিন ধরে রাধা গোবিন্দের পুজো অর্চনা করা হয়। শুধু তাই নয়, পরম্পরা অনুযায়ী কীর্তন কমিটির মহিলা ভক্তদের ভিক্ষা অর্জিত চাল দিয়েই ভগবানের ভোগ নিবেদন করা হয়। এছাড়াও সেই চাল থেকেই ১০ দিন সমগ্র কীর্তন দলগুলির এবং অগণিত ভক্তদের জন্য ঢালাও প্রসাদের ব্যবস্থা করা হয়। 
Advertisement
কীর্তন কমিটি জানিয়েছে, এমন ঐতিহ্য ও পরম্পরা শুধু এক বা দুই বছর নয়, গত ৩০ বছর ধরে চলে আসছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ জুড়ে ইতিমধ্যেই প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। বর্তমানে জোরকদমে প্রস্তুতি চলছে। নতুন বছরের শুরুতে এমন লোকসংস্কৃতি অনুষ্ঠান ঘিরে গোটা মঙ্গলবাড়ি জুড়েই উৎসবের আবহ তৈরি হয়েছে। ৩১ ডিসেম্বর লোকসংস্কৃতি অনুষ্ঠানের অধিবাস রয়েছে। ওইদিন সন্ধ্যায় শহর জুড়ে বিরাট শোভাযাত্রা বের হবে। কীর্তনীয়ারা খোল করতাল ও নানা বাদ‍্যযন্ত্র নিয়ে সেখানে অংশ নেবেন। এরপর ১ জানুয়ারি থেকে পাঁচ দিন নাম কীর্তন এবং পরের পাঁচ দিন লীলা কীর্তন হবে। 
এবারেও ১১টি কীর্তন দল আসছে। উত্তর ও দক্ষিণবঙ্গের নামী শিল্পীরা আসবেন। সব মিলিয়ে এই কীর্তনের বাজেট ছ’লক্ষ টাকার বেশি। সারদা কলোনি রাধাগোবিন্দ মন্দিরের কীর্তন কমিটির সম্পাদক অপূর্ব ঘোষ ও সহ সম্পাদক উৎপল হালদার বলেন, ৩০ বছরের এই কীর্তনের সঙ্গে গোটা মঙ্গলবাড়ির মানুষের ভাবাবেগ জড়িয়ে রয়েছে। বর্ষবরণ আমরা কীর্তনের মধ্যেদিয়েই করি।
সম্পর্কিত সংবাদ