নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘ভারতের মঙ্গল অভিযান নানা ক্ষেত্রেই আমেরিকার নাসার থেকে অনেক এগিয়ে। নাসার প্রজেক্টে খরচ হয়েছিল সাড়ে ছ’হাজার কোটি। আমাদের দেশে খরচ হয়েছে মাত্র ৪৫০কোটি। আমাদের পুরো প্রজেক্টের সময়সীমা ছিল ১৫ মাস। নাসার যেখানে লেগেছিল ছ’বছর।’ এভাবেই মঙ্গল অভিযান নিয়ে পড়ুয়াদের নানা তথ্য দিয়ে উৎসাহিত করলেন ইস্কোর মিশন মার্শ অরবিটারের প্রজেক্ট ডিরেক্টর সুবাইয়া অরুনান। বুধবার দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের আলোচনা সভায় মুখ্য বক্তা ছিলেন তিনিই। প্রতিষ্ঠানের সিলভার জুবিলি অনুষ্ঠান উপলক্ষ্যে সারা বছর ধরেই নানা কর্মসূচি চলছে। পড়ুয়াদের জন্য প্রতিষ্ঠান একাধিক পদক্ষেপ নিয়েছে। তারমধ্যে অন্যতম ছিল এদিনের কর্মসূচি। এদিন মুখ্য বক্তাকে সাম্মানিত করেন বিসি রায় সোস্যাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য ও সভাপতি সত্যজিৎ বসু।



