Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুণ্ডেশ্বরীর বাঁধ ভাঙার জেরে জমিতে বালি ও মাটি, আলু চাষে সমস্যা

মুণ্ডেশ্বরীর বাঁধ ভাঙার জেরে জমিতে বালি ও মাটি, আলু চাষে সমস্যা
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, খানাকুল: ডিভিসির ছাড়া জলে মুণ্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে গিয়েছিল। তার জেরে চাষের জমিতে হু হু করে জল ঢুকে যায়। নদীর জলের সঙ্গে রাশি রাশি মাটি ও বালি ধানজমিতে এসে জমা হয়। আলু চাষের মরশুমে সেই বালি ও মাটি সরানো নিয়ে খানাকুলের অরুণ্ডা পঞ্চায়েতের কৃষকরা সমস্যায় পড়েছেন। তাঁরা ইতিমধ্যে খানাকুল-১ বিডিও অফিসে গিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন।
Advertisement
অরুণ্ডা পঞ্চায়েতের কেদারপুরের জয়রামচক মৌজায় চাষের জমিতে বালি, মাটি জমে আছে। সেখানকার চাষিদের দাবি, বন্যা পরিস্থিতিতে প্রায় ৫০বিঘার আমন ধানের ক্ষতি হয়েছে। তাড়াতাড়ি বালি না তোলা হলে ওই জমিতে আলু চাষও অসম্ভব হয়ে পড়বে।
খানাকুল-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মিন্টু পাল বলেন, চাষিদের সমস্যা মেটাতে আমরা প্রশাসনের সঙ্গে যৌথভাবে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
কেদারপুরের চাষি পীযূষ মণ্ডল, নবকুমার ঘোড়ুই জানালেন, জলের চাপে মুণ্ডেশ্বরীর প্রায় ৫০০মিটার বাঁধ ভেঙে যায়। ফলে ধানগাছ জলে তলিয়ে নষ্ট হয়ে যায়। নদী থেকে বালি জমিতে এসে পড়ে। এখন আলু চাষের মরশুম শুরু হচ্ছে। ওই বালি না সরানো গেলে আলু চাষ করা সম্ভব হবে না। সেজন্য তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
ওই এলাকার অপর চাষি শক্তিপদ ঘোড়ুই বলেন, আলু চাষের জন্য সার কেনা হয়ে গিয়েছে। সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে ঋণ নিয়ে আলু চাষ করা হয়। ধান চাষে ক্ষতি হয়েছে। এখন আলু চাষ করতে না পারলে পরিবার নিয়ে খাব কী?
সমস্যা শুধু এটুকুই নয়। চাষিরা জানান, বন্যা পরিস্থিতির সময় মুণ্ডেশ্বরী নদীতে থাকা রিভার লিফটিং পাম্পের বিভিন্ন মোটরে জল ঢুকে যায়। ফলে দু’টি মোটর ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৭০০মিটার জলের পাইপও নষ্ট হয়েছে। আলু চাষে প্রচুর জলের প্রয়োজন হয়। চাষের আগে ওই সমস্ত পাম্প মেরামত না করা হলে সেচ নিয়েও তাঁরা সমস্যায় পড়বেন। তখন ব্যক্তিমালিকানাধীন পাম্পের জল কিনে জমিতে সেচ দিতে হবে।
 
সম্পর্কিত সংবাদ