Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্দারমণিতে মৃত তৃণমূল নেতার ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত

মন্দারমণিতে মৃত তৃণমূল নেতার ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: মন্দারমণির রিসর্টে উত্তর ২৪পরগনার আমডাঙার তৃণমূল নেতা আবুল নাসারের রহস্যমৃত্যুর জট এখনও কাটেনি। তবে ইতিমধ্যেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পুলিসের হাতে এসেছে বলে জানা গিয়েছে। তাতে আবুল আত্মঘাতী হয়েছেন বলে পুলিসের তরফে দাবি করা হয়েছে। তবে সম্পর্কের টানাপোড়েন, নাকি জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। 
Advertisement
আমডাঙার আদহাটা পঞ্চায়েতের উপপ্রধান সুরাইয়া পারভিনের স্বামী আবুলের দেহ উদ্ধারের পর চারজনের নামে খুনের অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। তার ভিত্তিতে পুলিস খুন ও ষড়যন্ত্রমূলক অপরাধের মামলা রুজু করে তদন্তে নামে। আবুলের সঙ্গিনী বারাকপুরের বড় কাঁঠালিয়ার বাসিন্দা তনুশ্রী মুখোপাধ্যায় এবং আবুলের খুড়তুতো ভাই আতাউর মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। খোঁজ চলছে আরও দু’জনের। তনুশ্রীর মামা কৃষ্ণ পণ্ডিত ও সোমা বন্দ্যোপাধ্যায়ের নাম এফআইআরে রয়েছে। সোমা আবুলের সঙ্গে এসেছিলেন। তিনি ঘটনার দিন বিকেলে অসুস্থ থাকায় বাড়ি ফিরে যান। 
অভিযোগকারী আবুলের মা তরুণা বিবি পুলিসকে জানিয়েছেন, কৃষ্ণের সঙ্গে তাঁর ছেলের জমি নিয়ে বিবাদ ছিল। ১৯ডিসেম্বর এক ব্যবসায়ীর কাছে ন’লক্ষ টাকা আনতে যাবে বলে বেরিয়েছিল ছেলে। ব্যবসায়িক স্বার্থে তাকে পরিকল্পনা করে মন্দারমণিতে  ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। ঘটনার পিছনে কৃষ্ণ সহ বাকিদের হাত থাকতে পারে বলে তিনি দাবি করেছেন। একই দাবি করে আসছেন সুরাইয়াও। এই পরিস্থিতিতে বাকি অভিযুক্তরা ঘটনার সঙ্গে কীভাবে এবং কতটা যুক্ত, সেটাই জানার চেষ্টা করছে পুলিস। তবে তনুশ্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে ঘটনাটি ঘটেছে কি না, সেটাও জানার চেষ্টা করছে পুলিস। 
ডিএসপি(ডিঅ্যান্ডটি) আবু নুর হোসেন বলেন, ধৃতদের জেরা চলছে। সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। বাকি অভিযুক্তরা ঘটনার সঙ্গে যুক্ত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে।
সম্পর্কিত সংবাদ