Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্দারমণিতে মাফিয়াদের অবৈধ চক্র ভাঙতে কড়া প্রশাসন, জমির পাট্টা বাতিলের সুপারিশ

মন্দারমণিতে মাফিয়াদের অবৈধ চক্র ভাঙতে কড়া প্রশাসন, জমির পাট্টা বাতিলের সুপারিশ
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: মন্দারমণিতে জমি মাফিয়াদের অবৈধ চক্র ভাঙতে কঠোর জেলা প্রশাসন। ভূমি দপ্তরের পাট্টা দেওয়া জমি মোটা টাকায় হাতবদলের পর সেখানেই গড়ে উঠছে হোটেল, লজ। এই বেআইনি কাজ আটকাতে ওই এলাকায় ২০জনের পাট্টা বাতিলের সুপারিশ করা হয়েছে। রামনগর-২ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার অফিসার মানবকুমার দাস এনিয়ে কাঁথির মহকুমা শাসককে চিঠি দিয়েছেন। সেই চিঠির ভিত্তিতে শুনানি শুরু করেছেন কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য। পাট্টাপ্রাপকদের পাশাপাশি শুনানিতে হাজির থাকছেন ব্লক ভূমি অফিসারও। সরকারের দেওয়া পাট্টাজমির অপব্যবহার রুখতে কঠোর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এনিয়ে অতিরিক্ত জেলাশাসক(ভূমি) বৈভব চৌধুরী বলেন, ওই ব্লকে মোট ২০জনের পাট্টা বাতিলের সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশপত্র কাঁথির মহকুমা শাসকের অফিসে পৌঁছেছে।
Advertisement
দাদনপাত্রবাড় মৌজায় ২৮৪জেএল নম্বরে ১৫৭, ২৪১ ও ২৭১খতিয়ানে তিনটি জমি ভূমি দপ্তরের পক্ষ থেকে পাট্টা দেওয়া হয়েছিল। পাট্টা প্রাপকরা হলেন বীরেন মান্না, সন্তোষ মান্না ও সুবোধ মান্না। তাঁরা তিন ভাই। গত নভেম্বর মাসে ভূমিদপ্তরের কর্মীরা দেখেন, ওই তিন ভাইয়ের পাট্টা জমির উপর হোটেল তৈরি হচ্ছে। জমির চরিত্র খতিয়ে দেখা যায়, সেটি কৃষিজমি। কৃষিজমি হিসেবেই পাট্টা দেওয়া হয়েছিল। জমির চরিত্র বদল না করেই সেখানেই গড়ে উঠছে হোটেল। পাট্টার জমি হাতবদল হয়ে জমি মাফিয়াদের জিম্মায় চলে যায়। সেই মাফিয়াদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে হোটেল মালিকরা জমি নিচ্ছেন। পাট্টার জমি লিজে হাতবদল হয়ে যাচ্ছে। ওই তিন ভাইয়ের বিরুদ্ধে মন্দারমণি কোস্টাল থানায় এফআইআর দায়ের করেছেন বিএলএলআরও। 
শুধু ওই তিনজন নয়, এভাবে মন্দারমণিতে বিভিন্ন এলাকায় পাট্টা জমি বারবার হাতবদল হয়ে হোটেল ও লজ হচ্ছে। দীঘা-শৌলা মেরিন ড্রাইভ হওয়ার পর মন্দারমণি থেকে শৌলা যাওয়ার রাস্তার ধারে জমির চাহিদা কয়েকগুণ বেড়ে গিয়েছে। ধানজমি রাতারাতি কংক্রিটের জঙ্গলে ঢেকে যাচ্ছে। সেখানে রায়ত জমির পাশাপাশি পাট্টা জমিও জমিহাঙররা কব্জা করছে। অবৈধ এই কারবার বন্ধ করতে স঩ক্রিয় হয় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জেলাশাসক এধরনের পাট্টাপ্রাপকদের পাট্টা বাতিল করার জন্য কাঁথির মহকুমা শাসককে নির্দেশ দিয়েছেন। সেইমতো ভূমি দপ্তরের পক্ষ থেকে ২০জন পাট্টাপ্রাপক চিহ্নিত করে তাঁদের নামে ইস্যু হওয়া পাট্টা বাতিলের সুপারিশ করেছে। 
জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন, রাজ্য সরকার ভূমিহীন দুঃস্থ মানুষজনকে পাট্টা জমি দিয়েছিল। সেই জমি হোটেল কিংবা লজ তৈরির জন্য দেওয়া হয়নি। তাছাড়া যেভাবে পাট্টা জমি বারবার হাতবদল হচ্ছে, তা পুরোপুরি বেআইনি। তাই রামনগর-২ ব্লকে ওইসব পাট্টাপ্রাপকদের চিহ্নিত করে তাঁদের নামে পাট্টা খারিজ করার জন্য এসডিওকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ