Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা বিষ্ণুপুরে অস্বস্তিতে বিজেপি

মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা বিষ্ণুপুরে অস্বস্তিতে বিজেপি
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় মণ্ডল সভাপতিদের নাম ঘোষণার পরেই অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। সরাসরি কেউ ক্ষোভ-বিক্ষোভ না দেখালেও বিক্ষুব্ধরা মুখ খুলছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন, ‘শীতের শেষে বিজেপিকে শীত ঘুমে পাঠানোর ব্যবস্থা হল’। কেউ লিখেছেন ‘নকল নির্বাচনের ফল ভুগতে হবে ২০২৬-এ’। এরকম হরেক রকম কটাক্ষে ভরেছে সোশ্যাল মিডিয়া। বিষ্ণুপুর, কোতুলপুর, সোনামুখী, ওন্দা সহ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তের কিছু কর্মী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন। আর এতেই দলের নেতারা বেজায় অস্বস্তিতে পড়েছেন। 
Advertisement
এব্যাপারে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, দলের নির্দেশে স্বচ্ছতা বজায় রেখে সক্রিয় কর্মীদের নির্বাচনের ভিত্তিতে মণ্ডল সভাপতি নির্বাচন হয়েছে। ভারতীয় জনতা পার্টি একটি বৃহত্তর দল। তাতে গুটি কয়েক কর্মীর ক্ষোভ থাকতেই পারে। তাঁদের সঙ্গে আলোচনায় বসলেই ক্ষোভ প্রশমিত হয়ে যাবে।  
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৬ তারিখে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ৬টি ব্লকে ১৮টি মণ্ডলের সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়। ৭টি মণ্ডলে কোনও নাম চূড়ান্ত করতে পারেনি। বড়জোড়া-১, ওন্দা-১, কোতুলপুর-২, ৩, ৪, বিষ্ণুপুর-৩, ইন্দাস-১ মণ্ডলে কোনও সভাপতির নাম প্রকাশ করা হয়নি। তালিকা প্রকাশের পরের দিনই বিজেপির বিষ্ণুপুর নগর মণ্ডলের পুনর্নির্বাচিত সভাপতি শুক্লা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শহরে পোস্টার পড়ে। তারপরেই বিভিন্ন মণ্ডলের সভাপতিদের বিরুদ্ধে স্থানীয় কর্মীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাঁদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে বিবৃতিও দেন। যার মধ্যে বিষ্ণুপুর নগর মণ্ডলের এক প্রাক্তন সভাপতিও রয়েছেন। আর এতেই দলের নেতৃত্ব বেজায় অস্বস্তিতে পড়েন। 
বিষ্ণুপুর নগর মণ্ডলের প্রাক্তন সভাপতি উত্তম সরকার বলেন, মণ্ডল সভাপতি নিয়োগের প্রক্রিয়াটি দলের একাংশকে সম্পূর্ণ আড়ালে রেখে করা হয়েছে। এতে আমরা চরম হতাশ হয়েছি। দলের বিষ্ণুপুর নগর মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক সন্দীপ কর্মকার বলেন, জেলা সভাপতি নিজের পছন্দের লোককে মণ্ডল সভাপতি করেছেন। ভোটের নামে প্রহসন করা হয়েছে। এটা আগামী বিধানসভা ভোটে বিরূপ প্রভাব পড়বে। কোতুলপুরের এক সক্রিয় কর্মী বলেন, অস্বচ্ছভাবে মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে জেলা সভাপতির কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু কোনও উত্তর পাইনি। এমনকী, এব্যাপারে দলের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। তারও কোনও উত্তর পাইনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ