Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মুণ্ডহীন দেহ উদ্ধারের সাতদিন পর গাজোলে ফরেন্সিক দল

মুণ্ডহীন দেহ উদ্ধারের সাতদিন পর গাজোলে ফরেন্সিক দল
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোলে মুণ্ডহীন দেহ উদ্ধারের সাতদিন পর ঘটনাস্থল পরিদর্শনে এল ফরেন্সিক  দল। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি থেকে তিন সদস্যের ফরেন্সিক দল আসে মালদহে। তারা ঘটনাস্থলে গিয়ে বেশকিছু নমুনা সংগ্রহ করে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। গাজোল থানার এক আধিকারিক জানান, এদিন ফরেন্সিক দল ঘটনাস্থলে আসে। তারা ঘটনাস্থলে গিয়ে বেশকিছু নমুনা সংগ্রহ করেন। নমুনা সংগ্রহের পাশাপাশি ফরেন্সিক দল ঘটনাস্থলের ভিডিও রেকর্ডিং করে। 
Advertisement
এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের তিনজনই গাজোলের বাসিন্দা। কালীপুজোর পরদিন ১ নভেম্বর সকালে মালদহের গাজোলে দেওতলা গ্রাম পঞ্চায়েতের ৫১২ নম্বর জাতীয় সড়কের ধার থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। তার কিছু দূরে মুণ্ড পাওয়া যায়। দেহ উদ্ধারের পরদিন মৃত ব্যক্তির পরিচয় জানতে পারে পুলিস। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করেন তদন্তকারীরা। যে জায়গা থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে সেখান থেকে দেড় কিমি দূরে দুর্ঘটনাগ্রস্ত একটি গাড়ি উদ্ধার হয়। যে গাড়িটি স্থানীয় এক কংগ্রেস নেত্রীর বলে পুলিস সূত্রে জানা যায়। মৃতদেহ উদ্ধার হতেই তদন্তে নামে গাজোল থানার পুলিস। একই সঙ্গে মালদহ জেলাপুলিসের আধিকারিকরা ঘটনাস্থলে এসে যৌথভাবে তদন্ত শুরু করেন। 
সম্পর্কিত সংবাদ