Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মানবাজারের জিতুজুড়িতে ফের ডায়ারিয়ার প্রকোপ

মানবাজারের জিতুজুড়িতে ফের ডায়ারিয়ার প্রকোপ
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: পুরুলিয়ার মানবাজার-১ ব্লকের জিতুজুড়ি গ্রামে ডায়ারিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে আসছে না। জিতুজুড়ি পঞ্চায়েতের ওই গ্রামে একের পর এক পাড়ার বাসিন্দারা ডায়ারিয়ায় আক্রান্ত হচ্ছেন। বৃহস্পতিবার ফের ওই গ্রামে ২৬জন ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গত সপ্তাহে জিতুজুড়ি গ্রামের সহিসপাড়ায় প্রথম ডায়ারিয়া আক্রান্তের সন্ধান মেলে। ওই পাড়ায় ১২জন ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পর এখন তাঁরা সুস্থ। বৃহস্পতিবার ফের ওই গ্রামের ওরাংপাড়ায় আরও ডায়ারিয়া আক্রান্তের সন্ধান মেলে। ওই পাড়ায় ২৬জন ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে বেশিরভাগই পুরুষ। ১১জনকে মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক শিশুকে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ১৫জনের বাড়িতেই চিকিৎসা চলছে। গ্রামে মেডিক্যাল টিম বসানো হয়েছে। আক্রান্তদের ওআরএস ও অন্য ওষুধপত্র দেওয়া হচ্ছে।
Advertisement
শুক্রবার মানবাজারের বিএমওএইচ জিৎ সরকার ও অন্য আধিকারিকরা ওই এলাকা পরিদর্শন করেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। যেসব ডায়ারিয়া আক্রান্ত বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের সঙ্গেও কথা বলেন। আধিকারিকরা জানান, গ্রামের একটি পুকুরের জল থেকেই ডায়ারিয়া ছড়াচ্ছে। ওই পুকুরে গবাদি পশু স্নান করে। এমনকী, শৌচকর্মেও ওই পুকুর ব্যবহার হয়। স্বাস্থ্যদপ্তরের তরফে পুকুরের জল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পুকুরে ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে। গ্রামবাসীদের নলকূপের জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেইসঙ্গে ট্যাঙ্কারে করে গ্রামে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। ওআরএস সহ অন্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হচ্ছে।
জিতুজুড়ির সহিসপাড়ায় প্রথম ডায়ারিয়ার প্রকোপের পর সেখানে মেডিক্যাল টিম বসানো হয়েছিল। সচেতনতা শিবিরও আয়োজিত হয়। ওআরএস ও অন্য ওষুধ দেওয়া হয়। ওই গ্রামের ডায়ারিয়া আক্রান্তরা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু সপ্তাহ না পেরোতেই ফের ওরাংপড়ায় ডায়ারিয়ার প্রকোপে স্বাস্থ্যদপ্তর উদ্বিগ্ন। মানবাজারের বিএমওএইচ জিৎ সরকার বলেন, পুকুরের জল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। গ্রামবাসীদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিন নতুন করে কেউ আক্রান্ত হননি। 
সম্পর্কিত সংবাদ