Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মানবাজারে ট্যাপকল থেকে পড়ছে নোংরা জল, পথ অবরোধ মহিলাদের

মানবাজারে ট্যাপকল থেকে পড়ছে নোংরা জল, পথ অবরোধ মহিলাদের
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: বেশ কিছুদিন ধরে পিএইচই’র ট্যাপকল দিয়ে নোংরা জল পড়ছে। এমনকী, সেই জলে পোকা ভাসতেও দেখা যাচ্ছে। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত ও ব্লকস্তরে জানিয়েও সুরাহা হয়নি। অবশেষে বাধ্য হয়ে পুরুলিয়ার মানবাজারের নামোপাড়ার মহিলারা জলের দাবিতে আন্দোলনে নামলেন। রবিবার সকালে নামোপাড়ার কাছে মানবাজার-দোলাডাঙা রাস্তায় বাঁশ ফেলে তাঁরা পথ অবরোধ করেন। মানবাজার থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পর অবরোধ ওঠে।
Advertisement
মানবাজার-১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র বলেন, রবিবার অফিস ছুটি থাকায় অবরোধের বিষয়টি জানা নেই। তবে পানীয় জলের কোনও সমস্যা থাকলে তা তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করা হবে। বাসিন্দারা এই সমস্যার কথা আগে জানাননি।
মানবাজার শহরে নলবাহিত জল সরবরাহ করে পিএইচই। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কংসাবতী নদী থেকে জল তুলে তা পরিস্রুত করে সরবরাহ করা হয়। এজন্য শহরের পাড়ায় পাড়ায় ট্যাপকল লাগানো রয়েছে। সেই কল থেকেই স্থানীয়রা পানীয় জল সংগ্রহ করেন। কিন্তু প্রায় ১৫-২০দিন ধরে নামোপাড়ার ট্যাপকল থেকে নোংরা জল মিলছে। সেই জলে কেঁচো, পোকা ভাসতেও দেখা যায়। এতে ওই এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। কেউ কেউ বাধ্য হয়ে সেই জলই পান করছেন। তার জেরে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এলাকাবাসীর দাবি, বিষয়টি স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লকস্তরেও জানানো হয়েছিল। কিন্তু মাসখানেক হতে চললেও কোনও সুরাহা মেলেনি।
তাই এদিন বাধ্য হয়ে নামোপাড়ার বেশ কিছু মহিলা পথে নামেন। মানবাজার থেকে দোলাডাঙা যাওয়ার পথে বাঁশ ফেলে তাঁরা অবরোধ করেন। তার সামনে বালতিতে রাখা ছিল নোংরা জল। তাতে পোকা কিলবিল করছিল। রবিবার সকালে প্রায় ঘণ্টাখানেকের অবরোধে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। অবরোধের খবর পেয়ে মানবাজার থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়।
এক বিক্ষোভকারী বলেন, দু’দিনের মধ্যে পরিস্রুত জল সরবরাহের আশ্বাস দেওয়া হলে আমরা অবরোধ তুলে নিই। দু’দিনের পরও পরিস্রুত জল না পেলে ফের পথে নামব।
সম্পর্কিত সংবাদ