সংবাদদাতা, মানবাজার: সম্প্রসারণ করার পর রাজ্য সড়ক আগের তুলনায় চওড়া হয়েছে। আর তাতেই রাস্তার সামনে চলে এসেছে বিদ্যুতের খুঁটি। ওই খুঁটিতেই ১১ হাজার ভোল্টের লাইনে ট্রান্সফরমার রয়েছে। মানবাজার-বান্দোয়ান রাজ্য সড়কের গোলকিডি গ্রামে রাস্তার গায়েই ওই ট্রান্সফরমার সরানোর দাবি উঠেছে। যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের। রাস্তার গায়ের ওই বিদ্যুতের খুঁটি সহ ট্রান্সফরমার দ্রুত সরানোর দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার মানবাজার-১ ব্লকের গোলকিডি গ্রামে রাস্তার পাশেই বসানো আছে বিদ্যুতের ট্রান্সফরমার। গত বছর মানবাজার- বান্দোয়ান রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়। ফলে রাস্তা আগের তুলনায় অনেক চওড়া হয়েছে। আর তার জেরেই ওই ট্রান্সফরমারটি রাস্তার প্রায় গায়ে চলে এসেছে। আর তাতেই আতঙ্কিত গ্রামবাসীরা। ওই ট্রান্সফরমার না সরালে যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। গ্রামবাসীদের অভিযোগ, যে জায়গায় ট্রান্সফরমারটি রয়েছে সেটি রাস্তার প্রায় গায়ে। কোনও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রান্সফরমার থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে হাই ভোল্টেজ তার ছিঁড়ে গৃহস্থের বাড়িতে পড়তে পারে। তাই দ্রুত ওখান থেকে ট্রান্সফরমার সরানোর দাবি জানিয়েছেন তাঁরা। তবে অনেক খুঁটি রাস্তার উপর থেকে সরানো হয়েছে। কিন্তু ওই ট্রান্সফরমার সরানো হয়নি। এ বিষয়ে মানবাজার বিদ্যুৎ সরবরাহ দপ্তরের এক আধিকারিক জানান, ওই গ্রামের ট্রান্সফরমারটি শীঘ্রই অন্যত্র সরানোর কাজ শুরু হবে।



