সংবাদদাতা, মানবাজার: পাকা ধান কেটে জমির পাশেই জড়ো করে রাখা ছিল। আগুনে ভস্মীভূত হয়ে গেল সেই ধান। শনিবার সকালে পুরুলিয়ার মানবাজার-১ ব্লকের বিশরি গ্রাম পঞ্চায়েতের দমদা গ্রামের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ওই গ্রামের শরৎ বাউরি ও তাঁর ছেলের দু’টি ধানের গাদা পুড়ে যায়। সেখানে ছ’বিঘা জমির ধান ছিল। আগুন লাগার খবর পেয়ে সেখানে পৌঁছয় মানবাজার থানার পুলিস। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু, ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় মাথায় হাত শরৎবাবুর পরিবারের। জানা গিয়েছে, প্রায় ছ’বিঘা জমির পাকা ধান কাটার পর জমির পাশেই জড়ো করে রাখা ছিল।



