Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মানবাজারে বুধপুর ব্রিজের নীচে মহিলার দেহ, চাঞ্চল্য

মানবাজারে বুধপুর ব্রিজের নীচে মহিলার দেহ, চাঞ্চল্য
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া ও সংবাদদাতা, মানবাজার: রবিবার মানবাজারের বুধপুরে কাঁসাই নদী থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার  ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতার নাম প্রিয়াঙ্কা মাহাত(২৫)। ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরেই মানবাজারের জিতুজুড়ি পঞ্চায়েত এলাকায় তাঁর মামারবাড়ি। ছোট থেকেই মামারবাড়িতেই তিনি থাকতেন। এদিন নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মানবাজারের এসডিপিও বরুণ বৈদ্য সহ অন্যান্য পুলিসকর্মীরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেবেন মাহাত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধপুরে কাঁসাই নদীর সেতুর উপর থেকে জলে একটি দেহ ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। সেতুর উপর প্রচুর মানুষ ভিড় জমান। খবর যায় পুলিসে। দেহ উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই পরিচয় জানতে পারে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে ঝাড়খণ্ডের পটমদা থানা এলাকায় প্রিয়াঙ্কার বিয়ে হয়। শনিবার বিশেষ প্রয়োজনে স্বামীর সঙ্গে মামারবাড়িতে এসেছিলেন। শনিবার রাতে মামারবাড়ির এলাকায় তাঁর সঙ্গে এক যুবক দেখা করতে আসেন। বিষয়টি জানতে পারেন মহিলার স্বামী ও মামারবাড়ির লোকজন। এনিয়ে ব্যাপক ঝামেলাও হয়। ওই যুবককে মারধরও করা হয় বলে অভিযোগ। ওই ঘটনার পর রবিবার সকালে প্রিয়াঙ্কা বাড়ি থেকে বেরিয়ে যান। বেলায় তাঁর দেহ উদ্ধার করে পুলিস। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, সেতু থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। 
পরিবারের অবশ্য অভিযোগ, প্রিয়াঙ্কার বিয়ের পরেও ওই যুবক তাঁকে দিনের পর দিন উত্ত্যক্ত করত। ফোন করত। মানবাজার থানার এক পুলিস আধিকারিক বলেন, এদিন সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।  অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ