নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে ভূতুড়ে ভোটার খুঁজতে জেলা নেতৃত্ব মাঠে নামছে। স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছেন।বুথ স্তরে মিটিং করে ভুয়ো ভোটার ধরতে হবে। বুথের ভোটার লিস্টে অচেনা মানুষের নাম থাকলে খুঁজে বের করতে হবে। রবিবার জেলার তৃণমূল নেতারা কার্যক্রম পরিচালনা নিয়ে বৈঠকে বসছেন।
Advertisement
ঝাড়গ্রামে ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি জয়ী হয়েছিল। তবে ২০২১ সালে সমীকরণ বদলে যায়। বিধানসভা ভোটে ঝাড়গ্রাম,গোপীবল্লভপুর, নয়াগ্ৰাম ও বিনপুর চারটে বিধানসভার আসন তৃণমূল জয়লাভ করে। বিজেপি জেলার জমি ধরে রাখতে পারেনি। মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটার চিহ্নিত করার নির্দেশ দিতেই জেলা তৃণমূলের অন্দরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। রবিবার তৃণমূলের জেলা কমিটির নেতারা বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন। জেলা প্রশাসনের তরফেও নির্ভুল ভোটার তালিকা তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। নতুন ভোটারের নামও তালিকাভুক্ত হবে। ঝাড়গ্রামে এবার পাঁচটি বুথের সংখ্যা বেড়েছে।মোট বুথ সংখ্যা ১ হাজার ১০১টি। মোট ভোটার সংখ্যা ৯ লক্ষ ৪৬ হাজার ৫৫৭ জন। জেলার তৃণমূল নেতারা স্থানীয় স্তরে ভূতুড়ে ভোটার চিহ্নিত করা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। বুথ ও পাড়া স্তরের সক্রিয় কর্মীরা ফাইনাল ভোটার তালিকা ধরে কাজ করলে সহজে ভূতুড়ে ভোটার চিহ্নিত করতে পারবেন।তবে বুথ স্তরে সক্রিয় কর্মীদের সংখ্যা নিয়ে নেতাদের মধ্যেই সন্দেহ রয়েছে। বৈঠক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভুয়ো ভোটার চিহ্নিত করতে গ্ৰাম ও শহরে পৃথকভাবে করা যায় কিনা, সেটাও দেখা হবে।



