Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারিতে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ, উদাসীন পুরসভা

মেমারিতে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ, উদাসীন পুরসভা
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেমারি: মেমারি শহরেও অবৈধ নির্মাণ হচ্ছে। জিটি রোডের সাইড ল্যান্ডেও নিয়ম না মেনে নির্মাণ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পুরসভা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে এলাকার বাসিন্দারা প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, চেয়ারম্যান শুধু নোটিস পাঠিয়ে দায় সারছেন। বর্ধমান পুরসভার চেয়ারম্যান অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছেন। অবৈধ নির্মাণ বন্ধ করার পাশাপাশি বিল্ডিং মালিকের বিরুদ্ধে এফআইআর করেছেন। কয়েকটি অবৈধ নির্মাণ ভেঙেছেন। কিন্তু মেমারি পুরসভার দায়সারা ভূমিকার পিছনে কী রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে অনেকেই সন্দিহান। শহরের ১২নম্বর ওয়ার্ডে একটি নির্মাণ ঘিরে শোরগোল পড়েছে। ওই এলাকাটি জিটি রোডের সাইডল্যান্ড। ওই জায়গাটি রাজ্য সরকার এক ব্যক্তিকে লিজ ঩দিয়েছিল‌। তিনি মারা গিয়েছেন। লিজ হস্তান্তরিত হয়নি। বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও সেখানে নির্মাণকাজ শুরু হয়। শহরের বাসিন্দাদের চাপে পড়ে নির্মাণকাজ বন্ধ করার নোটিস দেয় পুরসভা। কোনও কড়া ব্যবস্থা নেওয়া হয়নি বলে বাসিন্দারা জানিয়েছেন। 
Advertisement
বেশ কিছুদিন আগে বামুনপাড়া এলাকার একটি নির্মাণ ঘিরে জলঘোলা হয়। শহরের এক বাসিন্দা বলেন, পুরসভা থেকে বৈধ নির্মাণের ছাড়পত্র পেতে কালঘাম ছুটে যায়। কিন্তু অবৈধ নির্মাণগুলি কীভাবে ‘ছাড়পত্র’ পেয়ে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না। বিজেপির জেলা সম্পাদক রাজু পাত্র বলেন, মেমারি শহরে অবৈধ নির্মাণের পিছনে কাদের মদত রয়েছে তা সবার জানা। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, কোনও অবৈধ কাজ মদত দেওয়া যাবে না বলে দল স্পষ্ট বার্তা দিয়েছে। মেমারিতে তেমন কিছু হলে দল নিশ্চয়ই দেখবে। পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ীকে ফোন করা হলে তিনি তোলেননি। মেসেজ দেখেও জবাব দেননি। ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত বলেন, ভিতরে ভিতরে কেউ অবৈধ নির্মাণ করলে করতে পারে। কিন্তু ইন জেনারেল তেমন কিছু নেই। 
সম্পর্কিত সংবাদ