Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারিতে সরকারি গাছ কেটে পাচারের অভিযোগে গ্রেপ্তার ৩

মেমারিতে সরকারি গাছ কেটে পাচারের অভিযোগে গ্রেপ্তার ৩
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: সরকারি গাছ কেটে পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতদের বাড়ি মেমারি ও  জামালপুর থানা এলাকায়। মঙ্গলবার ভোররাতে সোনোরা ব্রিজের কাছ থেকে তাদের ধরা হয়। একটি গাছের গুঁড়ি বোঝাই মোটরভ্যান ও গাছ কাটার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিসের দাবি। এছাড়াও গাছ বিক্রির ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মেমারি থানার বাগিলা পঞ্চায়েতের দিলালপুর কেঁদপাল্লা গ্রামে ডিভিসি বাঁধে বেশকিছু গাছ লাগানো হয়েছিল। সেইসব গাছই কেটে বিক্রি করা হচ্ছিল। জানতে পেরে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিষয়টি প্রধানকে জানান। এরপরই প্রধান ঝর্ণা মুর্মু মেমারি থানায় অভিযোগ দায়ের করেন।  অভিযোগ পেয়ে পুলিস মোটরভ্যানে করে পাচারের সময় কাটা গাছ ও সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে।
Advertisement
অন্যের চালানে বালি পাচারের অভিযোগে ডাম্পার চালককে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিস। ডাম্পারটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, সোমবার দুপুরে বর্ধমানের দিক থেকে একটি বালি বোঝাই ডাম্পার সগড়াইয়ের দিকে যাচ্ছিল। বাবরকপুরের কাছে পুলিস ডাম্পারটি আটকায়। চালক পুলিসকে একটি ই-চালান দেখায়। চালান দেখে পুলিসের সন্দেহে হয়। খোঁজখবর নিয়ে পুলিস জানতে পারে, চালানটি অন্য একটি নম্বরের ডাম্পারের। একই চালান ব্যবহার করে বালি নিয়ে যাওয়া হচ্ছিল। তল্লাশিতে ডাম্পার থেকে দু’টি নম্বর প্লেট পাওয়া যায়। ডাম্পারের নম্বরপ্লেট বদল করে বালি পাচার করা হচ্ছিল।
সম্পর্কিত সংবাদ