Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারিতে রেলগেটে নিত্য যানজটে তিতিবিরক্ত বাসিন্দারা, ব্যবসায় ক্ষতি

মেমারিতে রেলগেটে নিত্য যানজটে তিতিবিরক্ত বাসিন্দারা, ব্যবসায় ক্ষতি
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দীর্ঘদিনের দাবি সত্ত্বেও মেমারিতে জিটি রোড লেভেল ক্রশিংয়ে ফ্লাইওভার তৈরি হয়নি। ফলে নিত্য যানজটে ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা। ক্ষতি হচ্ছে ব্যবসার। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, বেশ কয়েক বছর আগে এই লেভেল ক্রশিংয়ে ফ্লাইওভারের কাজ শুরু হওয়ার কথা ছিল। সেজন্য রাস্তার ধারের সমস্ত গাছ কাটা হয়েছিল। কিন্তু তারপর আর কাজ এগয়নি। পথসাথীর সামনে থেকে চেকপোস্ট মোড় পর্যন্ত ফ্লাইওভার হওয়ার কথা। কিন্তু আজও ফ্লাইওভার হল না। 
Advertisement
মেমারি শহরের উপর দিয়েই গিয়েছে পূর্ব রেলের হাওড়া-বর্ধমান শাখার মেইন লাইন। এই লাইন মেমারি শহরকে দ্বিখণ্ডিত করে রেখেছে। দিনের অধিকাংশ সময় রেলগেট বন্ধ থাকে। একইসঙ্গে বন্ধ থাকে শহরের ভিতরে কৃষ্ণবাজার রেলগেটও। ফলে চরম ভোগান্তির শিকার হন এলাকার বাসিন্দা ও নিত্যযাত্রীরা। জিটি রোড ফ্লাইওভার হয়ে গেলে শহরের বাসিন্দারা সেখান দিয়ে শহরের দুই পাশে যাতায়াত করতে পারত। 
কৃষ্ণবাজারের ব্যবসায়ীরা বলেন, বাজারে ঢোকার মুখে থাকা রেলগেটও প্রায় সর্বক্ষণই বন্ধ হয়। তার জন্য রেলগেটের দু’ধারে সারি সারি বাইক, টোটো দাঁড়িয়ে যায়। ঢুকে পড়ে চারচাকা গাড়িও। সেই জট কাটতে না কাটতেই আবার গেট বন্ধ হয়ে যায়। ফলে ওই বাজার এলাকায় যানজট লেগেই থাকে। ব্যবসায়ীদের কথায়, সকালে এবং বিকেলে দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে থাকে। ফলে বহু ক্রেতা কৃষ্ণবাজারে আসতে চান না। এতে বিক্রি কমছে। যানজট না কমলে এই বাজারে ক্রেতাদের আনাগোনা বন্ধ হয়ে যাবে। এলাকার ব্যবসায়ী জাহাঙ্গির মণ্ডল বলেন, রেলগেট পড়লেই রোজ যানজট হয়। ভিড় এড়াতে বহু ক্রেতা এখন বাজারে আসতে চান না। কেউ আবার বাজারে এসেও যানজটের জন্য ফিরে যাচ্ছেন। এভাবে চলতে থাকলে ব্যবসায় ক্ষতি আরও বাড়বে। রেল ও প্রশাসনের দ্রুত ফ্লাইওভার তৈরিতে তৎপর হওয়া দরকার। একসময় উদ্যোগ নেওয়া হয়েছিল বলে শুনেছিলাম। তার জন্য মাপজোকও হয়েছিল। আমরা অপেক্ষা করেই চলেছি। আর এক ব্যবসায়ী শ্যামল পরামানিক বলেন, আগের তুলনায় এই রাস্তায় টোটো ও বাইকের সংখ্যা অনেক বেড়েছে। একবার রেলগেট বন্ধ হলেই যানজট শুরু হয়ে যায়। সেই যানজট কাটতে না কাটতেই ফের গেট পড়ে যায়। মাঝেমধ্যে এই রাস্তায় যাতায়াতে বিরক্ত হয়ে যাই। ক্রেতারা বাইক নিয়ে বাজারে আসতে পারেন না। এভাবে ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না। এবার প্রশাসনের ভাবা উচিত।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধমান জেলায় মেমারি সহ প্রায় ৩০টি রেলগেট সরিয়ে রেলওয়ে ওভারব্রিজ তৈরি হবে। তারমধ্যে মেমারির রেলগেটও আছে। বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, আমরা রেলের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। কিছু সমস্যা ছিল, মিটে গিয়েছে। রেল এবার ওভারব্রিজ তৈরির কাজ শুরু করবে।
সম্পর্কিত সংবাদ