Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারিতে ঋণের কিস্তি জোগাড় করতে না পেরে আত্মঘাতী প্রৌঢ়

মেমারিতে ঋণের কিস্তি জোগাড় করতে না পেরে আত্মঘাতী প্রৌঢ়
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার মনোহরডাঙায় ঋণের কিস্তির টাকা জোগাড় করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে এক প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঘরে তালের কাঁড়িতে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম কার্তিক দত্ত(৫৬)। তিনি পেশায় মোটরভ্যান চালক। মৃতের স্ত্রী চায়না দত্ত বলেন, মোটরভ্যান কেনার জন্য দু’টি বেসরকারি ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন স্বামী। ঋণের কিস্তির টাকা প্রতি সপ্তাহে ব্যাঙ্কে জমা দিতে হতো। কিন্তু, একটি ব্যাঙ্কে গত মাসে কিস্তির টাকা দিতে পারেননি তিনি। সেই ব্যাঙ্কের কর্মীরা কিস্তির টাকা শোধের জন্য চাপ দিচ্ছিল এবং বৃহস্পতিবার অন্য একটি ব্যাঙ্কে কিস্তি দেওয়ার কথা ছিল তাঁর। দু’টি ব্যাঙ্কেরই কিস্তির টাকা তিনি জোগাড় করতে পারেননি। তার জেরেই মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মঘাতী হয়েছেন। 
Advertisement
বর্ধমানে আত্মঘাতী যুবক: বর্ধমান শহরের বিধানপল্লি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘরে সিলিং ফ্যানের হুকে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি গামছা কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম রবি যাদব(২৩)।
কীটনাশক খেয়ে আত্মঘাতী প্রৌঢ়: দেওয়ানদিঘি থানার কামনাড়ায় কীটনাশক খেয়ে এক প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম শশাঙ্ক ঘোষ(৫০)। সোমবার সকালে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমানের নবাবহাট এলাকার একটি নার্সিংহোমে ভর্তি করেন পরিবারের লোকজন। বুধবার সকালে তিনি মারা যান। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে ধন্দে পরিবারের লোকজন। 
স্কুলছাত্রের মৃত্যু: মেমারি থানার বাগিলায় এক স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সৌমেন মণ্ডল(১৩)। সে মেমারি ইউনিট–১ স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাড়িতে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্ত করিয়েছে পুলিস। 
আত্মঘাতী স্কুলছাত্রী: জামালপুর থানার মশাগ্রামে কীটনাশক খেয়ে এক স্কুলছাত্রী আত্মঘাতী হয়েছে। মৃতের নাম তমা মণ্ডল(১৬)। সে মশাগ্রাম হাইস্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত। পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে সে কীটনাশক খায়। তাকে মেমারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। বুধবার ভোরে সে মারা যায়। তার আত্মহত্যার কারণ নিয়ে ধন্দে পরিবারের লোকজন। 
সাপের কামড়ে মৃত্যু: বীরভূমের বোলপুরে সাপের কামড়ে এক ইটভাটা কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম জগদীশ মাঝি(৩৫)। বিহারে তাঁর বাড়ি। তিনি বোলপুরে একটি ইটভাটার কর্মী ছিলেন। বুধবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাঁর ডান হাতের আঙুলে সাপে কামড়ায়। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।
সম্পর্কিত সংবাদ