সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার মেরুয়ায় গোরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত চারজনকে হেফাজতে নিল পুলিস। ঘটনায় ধৃত মুজিবর শেখ, শেখ সুন্দর আলি, ভোলা চৌধুরী ও জয়ন্ত মালিককে সোমবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। মেমারি থানার বিজরা ও আমাদপুরে ধৃতদের বাড়ি। ঘটনার দিন রাতে মেমারি থানার নিমো ও পাহাড়হাটি মোড় থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের পাঁচদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম। জানা গিয়েছে, রবিবার সকালে গোরু চোর সন্দেহে এক ব্যক্তিকে আটকে প্রচণ্ড মারধর করা হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছে মাঠে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক পেটানো হয়। তিনি সংজ্ঞাহীন অবস্থায় মাঠে পড়েছিলেন। মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।



