সংবাদদাতা, বর্ধমান: জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাম্প হাউস থেকে তামার কয়েল, স্টেবিলাইজারের ভিতরের তেল ও অন্যান্য যন্ত্রাংশ চুরির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিস। ধৃতের নাম মাধব ক্ষেত্রপাল। বাড়ি নওহাটি গ্রামে। শুক্রবার ভোরে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তিনদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে মেমারি থানার নবস্থা-১ গ্রাম পঞ্চায়েতের অধীন গাঙুয়া গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাম্পসেট বসানোর কাজ হয়। একটি ঠিকাদার সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়। পাম্প ও মোটর বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। দপ্তরের অধিকারিকরা কাজ পরীক্ষাও করে গিয়েছেন। ২৯ নভেম্বর সন্ধ্যায় ঠিকাদার সংস্থার এক কর্মী পাম্প চালাতে এসে দেখেন, পাম্প হাউসের দরজার তালা ভাঙা। জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। ভিতরে ঢুকে তিনি দেখেন, সেখান থেকে ২৫ কেবিএ ভোল্টেজের স্টেবিলাইজারের ভিতরের তেল, তামার কয়েল ও আরও অনেক তামার তার এবং যন্ত্রাংশ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘরের ভিতরে থাকা জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। ২০০ লিটার ট্রান্সফর্মারের তেল ফেলে দেওয়া হয়েছে। এরপরই ঠিকাদার সংস্থার তরফে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিস এর আগে চারজনকে গ্রেপ্তার করে। তাদের হেফাজতে নিয়েই মাধবের জড়িত থাকার কথা পুলিস জানতে পারে।



