Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারিতে পাল-সেন যুগের বিষ্ণু মূর্তি উদ্ধার

মেমারিতে পাল-সেন যুগের বিষ্ণু মূর্তি উদ্ধার
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বধর্মানে ফের পাল-সেন যুগের মূর্তি উদ্ধার হল। এবার মেমারি-২ ব্লকের সাতগেছিয়ায় পুকুর খনন করতে গিয়ে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে যন্ত্রের সাহায্যে পুকুর খনন করার সময় সেটি পাওয়া হয়। স্থানীয়রা পুজো শুরু করেন। পরে সাতগেছিয়া ফাঁড়ির পুলিস সেটি নিজেদের হেফাজতে নেয়। স্থানীয়রা জানান, মূর্তিটির উচ্চতা প্রায় তিন ফুট।  বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের আধিকারিক শ্যামসুন্দর বেরা বলেন, মূর্তিটি প্রায় ১১০০বছর পুরনো। পাল-সেন যুগের এধরনের মূর্তি আগেও পাওয়া গিয়েছে। এই মূর্তিটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে রাখা হবে। কয়েকদিন আগেই রায়নায় দামোদরের চরে সূর্যমূর্তি উদ্ধার হয়। সেটিও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে স্থান পেয়েছে। প্রশাসনের আধিকারিকরা বলেন, জেলায় প্রাচীন মূর্তি উদ্ধার নতুন কিছু নয়। এর আগেও মঙ্গলকোট, রায়না সহ জেলার বিভিন্ন প্রান্তে প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে। প্রাচীন মুদ্রাও পাওয়া গিয়েছে। মঙ্গলকোটে খনন করলে বিভিন্ন প্রাচীন সামগ্রী উঠে আসে। মঙ্গলকোটের বাসিন্দারা সেখানে মিউজিয়াম তৈরির দাবি জানিয়েছেন। তাঁরা জানান, মাটি খুঁড়ে পাওয়া নানা প্রাচীন সামগ্রী এলাকার বহু বাড়িতে রয়েছে। সেগুলি নিয়ে গবেষণা করার সুযোগ থাকে না। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, মঙ্গলকোটে মিউজিয়াম তৈরির সিদ্ধান্ত কিছুদিন আগেই নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি জমি চিহ্নিতকরণ শুরু হবে। বিভিন্ন জায়গায় ছড়িয়েছিটিয়ে থাকা মূর্তি ও অন্য সামগ্রী সেখানে রাখা হবে। নতুন প্রজন্ম ইতিহাস চাক্ষুষ করার সুযোগ পাবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বলেন, রায়না থেকে উদ্ধার হওয়া সূর্যমূর্তিটিও পাল-সেন যুগের। সেই মূর্তিটির মুখমণ্ডলের কিছুটা অংশ ভাঙা ছিল। অনেকসময় যন্ত্রের সাহায্যে মাটি বা বালি তুলতে গেলে মূর্তি ক্ষতিগ্রস্ত হয়। মিউজিয়ামে রাখা এসমস্ত মূর্তি দেখে ছাত্রছাত্রীরা অনেক অজানা বিষয় জানতে পারবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ