সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার সাতগেছিয়ায় মন্দির থেকে কষ্টি পাথরের কৃষ্ণ মূর্তি, পিতলের ঠাকুরের মূর্তি এবং রুপোর গয়না চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম সিদ্ধান্ত শর্মা ওরফে বেদ। খণ্ডঘোষ থানার সগড়াইয়ের পশ্চিমপাড়ায় তার বাড়ি। রবিবার ভোররাতে মেমারি থানার সাতগেছিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চুরিতে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। তার সঙ্গে আরও কয়েকজন চুরিতে জড়িত বলে জিজ্ঞাসাবাদে ধৃত পুলিসকে জানিয়েছে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে তিনদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।



