সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার তাতারপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম অতনু কোলে (৩২)। মেমারি থানারই কোলেপাড়ায় তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তাতারপুরের কাছে একটি পিকআপ ভ্যান বাইকটিকে ধাক্কা মারে। তাতে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে মেমারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য একটি ঘটনায়, হুগলির ধনিয়াখালি থানার শ্রীরামপুরের কাছে পিকআপ ভ্যান ও ভ্যানের মুখোমুখি সংঘের্ষ এক মহিলার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তাঁর স্বামীও। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ধনিয়াখালি প্রাথমিক হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। মৃতার কাজল দুলে (৪০)। শ্রীরামপুরেই তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ভ্যানে ধান বোঝাই করে কাজল ও তাঁর স্বামী বাড়ি ফিরছিলেন। পথে একটি পিকআপ ভ্যানের সাথে ভ্যানটির সংঘর্ষ হয়। তাতে দু’জন জখম হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে ধনিয়াখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কাজলকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
Advertisement
সাপের কামড়ে মৃত্যু: কাটোয়া থানার অগ্রদ্বীপে সাপের কামড়ে এক বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম রীতা মণ্ডল। সোমবার বাড়ির বাইরে খেলা করছিল শিশুটি। সেই সময় তার বাঁ পায়ে সাপে ছোবল মারে। তাকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। রাতে সে মারা যায়। অন্য একটি ঘটনায় ভাতার থানার বনপাশে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম নেপাল সরেন (৪৩)। সোমবার দুপুরে বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহের ময়না তদন্ত করিয়েছে পুলিস। অপর একটি ঘটনায়, বর্ধমান-আসানসোল রেলপথে মানকর ও পানাগড় স্টেশনের মাঝে লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার রাতে রেল লাইনের পাশে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে জিআরপি দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।



