সংবাদদাতা, বর্ধমান: বিবাহিত মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতের নাম অমিত ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার হরিদেবপুর থানার কৃষ্ণনগর বাগানপাড়ায় তার আদি বাড়ি। বর্তমানে সে মেমারি থানার গাঙুরে থাকে। শনিবার রাতে গাঙুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১১ নভেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারদপ্ত সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, মেমারি থানা এলাকায় ওই মহিলার বাড়ি। সেই গ্রামে আত্মীয় থাকার সুবাদে সেখানে মাঝে মধ্যেই আসত অমিত। চলতি বছরের জানুয়ারি মাসে মহিলার সঙ্গে তার পরিচয় হয়। আত্মীয়ের বাড়িতে এলে মাঝে মধ্যেই সে মহিলার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করত। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সে বেশ কয়েকবার সহবাস করে বলে অভিযোগ। মহিলার স্বামী সকালে কাজে বেরিয়ে যান। রাতে বাড়ি ফেরেন। সেই সময় অমিত মহিলার বাড়িতে আসত। মহিলা তাকে বিয়ে করার কথা বললে নানা অছিলায় তা এড়িয়ে যেত। শুক্রবার রাত ৮টা নাগাদ সে মহিলার বাড়িতে আসে। সেসময় বাড়িতে কেউ ছিল না। অভিযোগ, মহিলার সঙ্গে সে জোর করে সহবাস করে। কিন্তু বিয়ের কথা বললে সে উত্তেজিত হয়ে তাঁকে মারধর করে হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়। শনিবার ঘটনার কথা জানিয়ে বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।



