সংবাদদাতা, বর্ধমান: বাইক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতের নাম পলাশ চক্রবর্তী। তার বাড়ি মেমারি থানার বড়পলাশনের জানাপাড়ায়। বুধবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিসের দাবি, চুরিতে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে। ধৃত পুলিসকে জানায়, লক ভেঙে সে বাইকটি চুরি করেছে। বাইকটি বিক্রির জন্য সেটি এক জায়গায় লুকিয়ে রেখেছে বলেও সে পুলিসকে জানিয়েছে। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বাইক উদ্ধার করতে ধৃতকে পাঁচদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ভারপ্রাপ্ত সিজেএম ধৃতের চারদিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন।
Advertisement
পুলিস জানিয়েছে, মেমারি থানার বাড়ারি গ্রামের নূর হক শেখের বাইকটি কিছুদিন আগে চুরি যায়। ঘটনার দিন পাঠানগড় ব্রিজের কাছে বাইকটি লক করে রেখে তিনি কিছুটা দূরে জমি দেখতে যান। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখেন সেখানে বাইকটি নেই। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পলাশ বাইক চুরিতে জড়িত তা তদন্তে নেমে বিভিন্ন সূত্র মারফত পুলিস জানতে পারে।



