সংবাদদাতা, বর্ধমান: দেশি পিস্তল ও দু’রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতের নাম জিৎ বাউলদাস। হুগলির পাণ্ডুয়া থানার বৈঁচির চারাবাগান এলাকায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, মঙ্গলবার রাতে জিটি রোডে নুদিপুর মোড়ে ঘোরাঘুরির সময় পুলিস তাকে আটক করে। তল্লাশিতে তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও দু’রাউন্ড গুলি মিলেছে বলে পুলিসের দাবি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের পরিকল্পনায় সেখানে সে ঘোরাঘুরি করছিল বলে পুলিসের অনুমান।
Advertisement
বালি বোঝাই ট্রাক বাজেয়াপ্ত: বালি বোঝাই দু’টি ট্রাক বাজেয়াপ্ত করেছে গলসি থানার পুলিস। বালি পাচারে জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালকদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, মঙ্গলবার রাতে শিল্যাঘাটের দিক থেকে বালি বোঝাই লরি দু’টি গলিগ্রাম মোড়ের দিকে আসছিল। গলিগ্রাম মোড়ে পুলিস লরি দু’টি আটকায়। চালকরা বালির বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলে পুলিসের দাবি।



