নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রবিবার বিকেলে মেমারি স্টেশনে ট্রেনের ধাক্কায় দুই মহিলার মৃত্যু হয়েছে। ওভারব্রিজে না উঠে তাঁরা হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। সেইসময় ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় ওই দুই মহিলার মৃত্যু হয়। এক শিশু সহ আরও তিনজন অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। পুলিস জানিয়েছে, মৃতদের নাম ঝর্ণা ভুঁইয়া(৪০) ও পাখি ভুঁইয়া(৩৮)। তাঁদের বাড়ি বাঁকুড়ার খাতড়ায়। তাঁরা খন্যান যাচ্ছিলেন। টিকিট কাটার পর তাঁরা রেললাইন পার হয়ে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন। মৃত দু’জনের শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে।
Advertisement
জিআরপি জানিয়েছে, ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে গিয়ে হামেশাই দুর্ঘটনা হচ্ছে। ওভারব্রিজ দিয়ে যাওয়ার জন্য বারবার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেটা অনেকেই মানেন না। তাড়াতাড়ি প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রেললাইনে নামেন। নিয়ম না মানার জন্য অনেককে জরিমানা করা হয়। তারপরও হেঁটে রেল লাইন পার হওয়ার প্রবণতা কমেনি। ওই পাঁচজন হুগলির খন্যানে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ট্রেন আসছে দেখেও এক শিশুকে নিয়ে চারজন রেললাইনে নেমে পড়েন। তাঁদের সঙ্গে অন্য যাত্রীরাও ছিলেন। তাঁরা উঠতে পারলেও ওই দু’জন প্রাণ হারান।



