সংবাদদাতা, ইটাহার: মালবোঝাই করে বেঙ্গালুরু থেকে ট্রাক চালিয়ে সড়ক পথে যাচ্ছিলেন শিলিগুড়ি। অতিক্রম করে এসেছেন প্রায় দুই হাজার কিমি। গন্তব্যের বাকি ছিল মাত্র পাঁচশো কিমি। তার মাঝে ট্রাকচালক ও খালাসি বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন ১২ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ইটাহারের সুলিয়াপাড়ায় একটি পেট্রল পাম্পে। সেখানেই ঘটে গেল বিপত্তি! ট্রাক দাঁড় করিয়ে পানীয় জল আনতে গিয়ে কয়েকশো মৌমাছির কামড়ে গুরুতর অসুস্থ হলেন ট্রাক চালক। তবে খালাসি গাড়িতে থাকায় রক্ষা পেয়েছেন।
Advertisement
ট্রাক চালকের নাম কৃষ্ণা এম(৫৫)। তাঁর মাথা, মুখ সহ শরীরের একাধিক জায়গায় কামড় দেয় মৌমাছি। তাঁর চিৎকারে ছুটে আসেন খালাসি সহ পাম্পের কর্মীরা। তাঁদের তৎপরতায় প্রথমে চালককে ইটাহার গ্রামীণ হাসপাতাল এবং পরে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়। ব্যথায় কাতর ট্রাকচালক হাসপাতালের বেডে শুয়ে বলেন, আমি জল আনতে গিয়েছিলাম। কোথা থেকে যে মৌমাছির ঝাঁক আমাকে ঘিরে ধরল, বুঝতে পারিনি।



