Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মৌমাছির দংশনে জখম ৩৫

মৌমাছির দংশনে জখম ৩৫
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: মৌমাছির দংশনে জখম হলেন ৩৫জন। ঘটনাটি নাগরাকাটার সুলকামোড় এলাকায় ঘটেছে। ১৫জন ক্যারাটে শিক্ষানবিশ সহ ১৩ জন পথচারি ও বাইক আরোহী এবং তৃণমূলের সভাস্থলের ৭জন কর্মী ও পঞ্চায়েত সদস্য মারাত্মকভাবে জখম হয়েছেন। প্রত্যেককে নাগরাকাটার সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
Advertisement
প্রতিদিনের মতো প্রশিক্ষক রাকেশ মাহালি সুলকামোড়ে পরিত্যক্ত পূর্ত দপ্তরের বাংলোর অফিস মাঠে ছাত্রছাত্রীদের ক্যারাটে শেখাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ঝাঁকে ঝাঁকে মৌমাছির আগমন হয়। ১৫জন ছাত্রছাত্রীকে দংশন করে। প্রত্যেককে সুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়ে। ক্যারাটে প্রশিক্ষক রাকেশ জানান, ভাল মাঠ না পেয়ে এখানে প্রশিক্ষণ দিচ্ছিলাম। কিন্তু এইভাবে আগে কখনও মৌমাছির আক্রমণের শিকার হতে হয়নি। 
পথচারি কৃষ্ণা ওরাওঁকে একঝাঁক মৌমাছি চলন্ত অবস্থায় আক্রমণ করে বসে। বাইক থেকে পড়ে গিয়ে তিনি চোট পান। মৌমাছির পাল সারা শরীরে দংশন করে। তৃণমূলের বুথ সভাপতি সৈয়দ আবেদল নৈঈম বলেন, আমাদের বুথের সভা চলছিল। পাশেই ক্যারাটে প্রশিক্ষণ হচ্ছিল। বিকেল চারটে নাগাদ এক ঝাঁক মৌমাছি আক্রমণ করে। দলের পঞ্চায়েত সদস্যা সুনীতা ওরাওঁ সহ ৭জন জখম হন। এইভাবে মৌমাছির হানা হবে, বুঝতেই পারছি না। পঞ্চায়েত সদস্যা সুনীতা তির্কি বলেন, এক সময়ে এটি পূর্তদপ্তরের অফিস ছিল। এখন পরিত্যক্ত বাড়ি। এখানে ফাঁকা ময়দানে ক্যারাটে প্রশিক্ষণ চলে। অনেকে বেঞ্চ নিয়ে এসে, প্লাস্টিক বিছিয়ে বসে মিটিং করেন। স্থানীয় বাসিন্দা মোসলেম আনসারি জানান, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মৌমাছির আক্রমণে অনেকে আহত হন। এভাবে পরিত্যক্ত অফিস এলাকার মাঠে যাতে কেউ কোনও কিছু না করেন সেটাই চাইছেন এলাকাবাসীরা। ক্যারাটে ছাত্রছাত্রীদের ১৫জন, তৃণমূলের ৭জন নেতা কর্মী এবং ১৩ জন পথচারী জখম হয়েছেন।
সম্পর্কিত সংবাদ