Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মুম্বইয়ের গাঁট টপকাতে মরিয়া হোসে মোলিনা

মুম্বইয়ের গাঁট টপকাতে মরিয়া হোসে মোলিনা
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লিগ-শিল্ড জয় অতীত। দু’দিনের ছুটি কাটিয়ে বুধবার থেকে মুম্বই সিটি ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল মোহন বাগান। শনিবার অ্যাওয়ে ম্যাচে বাণিজ্যনগরীর ফ্র্যাঞ্চাইজিটির মুখোমুখি হবেন লিস্টনরা। আইএসএলে মুম্বইয়ের বিরুদ্ধে অতীতের ফল কিছুটা হলেও চিন্তায় রাখছে কোচ হোসে মোলিনাকে। পরিসংখ্যান বলছে, মোট ১১ বারের সাক্ষাতে সাতবার জয়ের মুখ দেখেছে মুম্বই। মাত্র একবার শেষ হাসি হেসেছে সবুজ-মেরুন ব্রিগেড। বাকি তিনবার ড্র হয়েছে। চলতি মরশুমেও প্রথম ম্যাচে ঘরের মাঠে মুম্বইয়ের কাছে আটকে যেতে হয়েছিল মোলিনার দলকে। তবে অ্যাওয়ে ম্যাচে পুরো তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া স্প্যানিশ কোচ। সেই লক্ষ্যে বুধবার ফুটবলারদের পুরোদমে অনুশীলন করালেন তিনি।
Advertisement
২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে পিটার ক্র্যাটকি ব্রিগেড। প্লে-অফের টিকিট পাকা করতে হলে ঘরের মাঠে পয়েন্ট পেতেই হবে ছাংতেদের। প্রতিপক্ষের আক্রমণের গতিতে লাগাম টানতে অনুশীলনে মাঝমাঠের উপর বাড়তি জোর দেন বাগান কোচ। গত কয়েক ম্যাচে আপুইয়ার সঙ্গে দীপক টাংরিকে রেখে দল সাজিয়েছিলেন মোলিনা। তবে অনিরুদ্ধ থাপা সুস্থ হয়ে ওঠায় মুম্বই ম্যাচে পরিবর্তনের পথে হাঁটতে চলেছেন তিনি। একই সঙ্গে কার্ড সমস্যায় এই ম্যাচে নেই জেসন কামিংস। এছাড়া তিনটি হলুদ কার্ড রয়েছে জেমি ম্যাকলারেনেরও। তাই শনিবার গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে ওড়িশা ম্যাচের নায়ক দিমিত্রি পেত্রাতোসকে শুরু থেকে দলে রাখতে পারেন বাগান কোচ।
এদিকে, অনূর্ধ্ব-১৫ এআইএফএফ জুনিয়র লিগে মহমেডান স্পোর্টিংকে পাঁচ গোলের মালা পরাল মোহন বাগান। জোড়া গোল রাজদীপ পাল ও অর্ক ভাস্করের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন চৌধুরী শাহিদ। অপর ম্যাচে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমির কাছে আটকে গেল ইস্ট বেঙ্গল। খেলার ফল ১-১।
Advertisement
সম্পর্কিত সংবাদ