Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাত শিবিরের বিক্ষোভে শুভঙ্কর

মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাত শিবিরের বিক্ষোভে শুভঙ্কর
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভে জলপাইগুড়িতে শামিল হলেন দলের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার। শনিবার সকালে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় যোগ দেওয়ার আগে শহরের দিনবাজারে যান তিনি। দোকানে ঘুরে আনাজপাতির দাম জিজ্ঞাসা করেন। কথা বলেন ক্রেতাদের সঙ্গে। রাজ্যের জেলায় জেলায় যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, তা নিয়ে উষ্মা প্রকাশ করেন প্রদেশ সভাপতি। তাঁর তোপ, উত্তরবঙ্গে তো তেমন বন্যা হয়নি, তাহলে এখানে সব্জির দাম এত চড়া কেন? প্রাইস মনিটারিং কমিটি কী করছে? ক্রেতারা অভিযোগ করছেন, মাঝেমধ্যে প্রশাসনিক আধিকারিকরা লোকদেখানো পরিদর্শন করেন বাজারে। তাঁরা চলে যেতেই ফের বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়। শুভঙ্কর বলেন, চাল, ভোজ্য তেল, মশলার দাম বাড়লে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে। কিন্তু সব্জির দাম বাড়লে জবাব দিতে হবে রাজ্য সরকারকে। বারবার রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে বিঁধে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, কংগ্রেসের আমলে রেল দুর্ঘটনা ঘটলে তার দায় স্বীকার করে নিয়ে মন্ত্রী ইস্তফা দিতেন। বিজেপি সরকারের রেলমন্ত্রীর লজ্জা নেই। 
Advertisement
একইভাবে তুফানগঞ্জ  ১ ও ২ ব্লক কমিটির তরফে শহরে বিক্ষোভ মিছিল হয়।  ময়নাগুড়ি শহরেও ময়নাগুড়ি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল  হয়। মিছিলটি শহর পরিক্রমা করে। ফালাকাটা শহরের ধূপগুড়ি বাজারের সামনেও একই কর্মসূচি করে ব্লক কংগ্রেস।  
সম্পর্কিত সংবাদ