Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মূল্য ৭ টাকা, দাম না কমা পর্যন্ত মিড ডে মিলে প্রত্যেক সোমবার ডিম বন্ধ

মূল্য ৭ টাকা, দাম না কমা পর্যন্ত মিড ডে মিলে প্রত্যেক সোমবার ডিম বন্ধ
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: সব্জি, আলু থেকে ডাল সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েছে। কিন্তু, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের জন্য সরকারি বরাদ্দ সেভাবে বাড়েনি। তার মধ্যেই ডিমের দাম পড়ছে সাত টাকা। ওই টাকায় প্রতিদিন ডিম দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বুধবার খড়গ্রাম বিডিও অফিসে বিক্ষোভ দেখান এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীরা। বিক্ষোভকারী কর্মীরা প্রতি সোমবার কেন্দ্রগুলিতে ডিম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। লিখিতভাবে তা প্রশাসনের কাছে জমা দিয়েছেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ খড়গ্রাম ব্লক অফিসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা এসে জড়ো হন। তারপর তাঁরা বিডিও অফিসের দ্বিতীয় গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক পর খড়গ্রাম ব্লক সিডিপিও অফিসের কর্মীরা এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের জানান হয়, এদিন সিডিপিও অফিসে আসেননি। তাই তাঁদের যা কিছু দাবি রয়েছে, তা লিখিত আকারে জানাতে বলা হয়। এরপরই অঙ্গনওয়াড়ি কর্মীরা একটি লিখিত জমা দেন সিডিপিও ও খড়গ্রাম বিডিওকে। তাতে জানানো হয়েছে, বর্তমানে প্রতিটি সব্জি থেকে ডাল সমস্ত কিছুর দাম বেড়েছে। যে কারণে তাঁরা সমস্যায় পড়েছেন। সরকার নির্ধারিত দরে তাঁদের পক্ষে কেন্দ্র চালানো সমস্যার হয়ে দাঁড়িয়েছে।
অঙ্গনওয়াড়িকর্মী আশা মণ্ডল বলেন, এভাবে কেন্দ্র চালানো যায় না। প্রতিদিন স্বামীর কাছে অতিরিক্ত টাকা চেয়ে এনে ডিম কিনতে হচ্ছে। সরকারিভাবে ডিমের দর সাড়ে ছ’টাকা দেওয়া হয়। কিন্তু, বাজার থেকে আমাদের কিনতে হচ্ছে সাত টাকা বা তার থেকেও বেশি দরে।
অপর কর্মী সুলেখা মণ্ডল বলেন, বিক্ষোভে নামা ছাড়া আর আমাদের কাছে কোনও বিকল্প ছিল না। সব্জি থেকে ডিম, জ্বালানিতেও আমাদের গাঁটের কড়ি খরচ করতে হচ্ছে। যেভাবে দর বৃদ্ধি হয়েছে, তাতে বরাদ্দ না বাড়ালে কেন্দ্র চালানো খুব মুশকিল হয়ে পড়বে। তাই বাধ্য হয়ে আমরা প্রতি সোমবার কেন্দ্রগুলিতে ডিম বন্ধ রাখার সিদ্বান্ত নিয়েছি।
এবিষয়ে খড়গ্রাম বিডিও মিলনী দাস বলেন, বিক্ষোভের কথা শুনেছি। বিষয়টি নিয়ে সিডিপিও সাহেবের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে প্রতি সোমবার ডিম বন্ধ রাখার বিষয়টি নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা এলাকায় ঝামেলা হওয়ার আশঙ্কাও করছেন। এক্ষেত্রে এক সুপারভাইজার বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি সঠিক হলেও ঝামেলার আশঙ্কা রয়েছে। কারণ, সংশ্লিষ্ট এলাকার শিশুর অভিভাবকরা এসব মানতে চাইবেন না। তাই প্রশাসন যত দ্রুত এব্যাপারে সিদ্ধান্ত নেয় ততই ভালো।
                      
সম্পর্কিত সংবাদ