সংবাদদাতা, বিষ্ণুপুর: বিষ্ণুপুর মেলায় একটি স্টলে চুরির ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায়। চুরির ঘটনায় একজন সাফাই কর্মীকে সন্দেহজনকভাবে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তা নিয়ে পুরসভার সাফাই কর্মীরা আন্দোলনে নামেন। তাঁরা এদিন পুরসভার সামনে একপ্রস্থ বিক্ষোভও দেখান। পরে বিষয়টি নিয়ে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন। পুলিস জানিয়েছে, মেলায় একটি স্টলে চাদর চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুরসভার এক মহিলা সাফাই কর্মীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার তদন্ত চলছে। বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, বিষয়টি নিয়ে পুলিস তদন্ত করছে। আন্দোলনকারী সাফাই কর্মীদের তরফে দিলবার খান বলেন, আমাদের সাফাইকর্মী পুরসভার নির্দেশে মেলায় সাফাই করতে গিয়েছিলেন। কিন্তু, তাঁকে চুরির বদনাম দেওয়া হচ্ছে। সেই জন্য আমরা প্রতিবাদ জানিয়েছি।



