Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেলার আড়ালে জুয়ার রমরমা, দু’দিনে গ্রেপ্তার ৪১, উদ্ধার টাকা

মেলার আড়ালে জুয়ার রমরমা, দু’দিনে গ্রেপ্তার ৪১, উদ্ধার টাকা
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শীত পড়তেই জুয়ার রমরমা জলপাইগুড়িতে। বিভিন্ন মেলার আড়ালে জুয়া চলছে বলে অভিযোগ। পুলিসের বিশেষ অভিযানে দু’দিনে জুয়ার আসর চালানোর অভিযোগে গ্রেপ্তার ৪১ জন। উদ্ধার হয়েছে সাড়ে সাত হাজার টাকা ‘বোর্ড মানি’।
Advertisement
জেলার পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, জুয়ার বিরুদ্ধে লাগাতার ধরপাকড় চলছে। কালীপুজোর আগে থেকেই এনিয়ে অভিযান চালাচ্ছে পুলিস। সেকারণে এবার জুয়া নিয়ে সাধারণ মানুষের তেমন কোনও অভিযোগও নেই। এসপি’র দাবি, মূলত মেলার আড়ালে জুয়ার আসর চলে বলে বেশি অভিযোগ আসে। সেকারণে গ্রামের মেলার উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সাদা পোশাকে মেলায় হানা দিচ্ছে পুলিস। 
গত ১৮-১৯ নভেম্বর জলপাইগুড়ি জেলাজুড়ে বিশেষ অভিযান চালায় পুলিস। জেলার বিভিন্ন প্রান্তে ১২টি জায়গায় নাকা চেকিং চলে। এই অভিযানে সবমিলিয়ে ৬৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিস সূত্রে খবর। এর মধ্যে নির্দিষ্ট ধারায় মামলা রয়েছে, এমন ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, পাকড়াও করা হয়েছে এমন ২২ জনকে। অতীতে অপরাধের রেকর্ড রয়েছে, আবারও ঝামেলা অশান্তি পাকাতে পারে, গ্রেপ্তার করা হয়েছে এমন ৫৪৪ জনকে। অভিযানে বাজেয়াপ্ত হয়েছে ৫২২ বোতল অবৈধ মদ। বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। এছাড়াও পরিবহণ আইন ভাঙার অভিযোগে মামলা করা হয়েছে ৫৪৪টি।
সম্পর্কিত সংবাদ