Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মৌলপুরে ভেঙে পড়ল সেই নড়বড়ে সাঁকো  

মৌলপুরে ভেঙে পড়ল সেই নড়বড়ে সাঁকো
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: মৌলপুরের বেহাল সাঁকো সংস্কারের দাবিতে আগেই সরব হন স্থানীয়রা। সেই খবর ২১ ডিসেম্বর  ‘বর্তমান’-এ প্রকাশিতও হয়। এরই মাঝে রবিবার সেই বেহাল সাঁকো ভেঙে পড়ে গেল। এদিন দুপুরে নদী থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইক তুলতে গিয়ে মানুষের ভারে বেহাল সাঁকো ভেঙে পড়ে যায়। অল্পের জন্য বেশ কয়েকজন প্রাণে বেঁচে গিয়েছেন।  নড়বড়ে সাঁকোটি ভেঙে পড়ায় মৌলপুর এবং জলঙ্গার প্রায় ৫ হাজার মানুষের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।
Advertisement
মৌলপুরের বাসিন্দাদের এখন ৩ কিমি ঘুরে বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিসে পৌঁছতে হবে। জলঙ্গার মানুষকে ৬  কিমি ঘুরে শহর দিয়ে মৌলপুর গ্রামীণ হাসপাতাল যেতে হবে। আজ, সোমবার স্কুল খুলবে। সাঁকোটি ভেঙে পড়ায় সবথেকে বেশি সমস্যা হবে পড়ুয়াদের। পড়ুয়াদের যাতায়াত নিয়ে চিন্তিত অভিভাবকরা। তাঁরা দ্রুত সাঁকো সংস্কার এবং কংক্রিটের সেতুর দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা রবিউল শেখ বলেন, কিছুদিন আগে রাতে একজন বাইক নিয়ে জলে পড়ে যান। কোনওরকমে প্রাণে বেঁচে যান তিনি। এদিন সেই বাইক তোলা হয়। সেসময় কৌতূহলী জনতা নড়বড়ে সাঁকোটিতে উঠলে ভার সইতে না পেরে ভেঙে যায়। 
স্থানীয় পঞ্চায়েত সদস্য তৃণমূলের জিয়াউল হক বলেন, দ্রুত সাঁকোটি তৈরির চেষ্টা করা হবে। মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা দাস বলেন, পাকা সেতুর করার ক্ষমতা গ্রাম পঞ্চায়েতের নেই। দ্রুত ২ লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদারের অধীনে সাঁকোটি তৈরি করে দেওয়া হবে। পাকা সেতুর বিষয়টি আমরা জেলা পরিষদে জানাবো।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ