সংবাদদাতা, রামপুরহাট: মল্লারপুর থানা থেকে দেড় কিলোমিটার দূরত্বে জনবহুল এলাকায় থাকা জামালপুর হাই স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। শনিবার সকালে সাড়ে ১০টার সময় স্কুলে এসে চুরির ঘটনা নজরে আসে শিক্ষকদের। তাঁরা দেখেন স্কুলের মূল গেটে তালা ঝুললেও ভিতরের চারটি ঘরের তালা ভাঙা। একাধিক আলমারির লক ভাঙা। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্কুলের গুরুত্বপূর্ণ নথিপত্র। এঘটনায় স্কুলের প্রধান শিক্ষক সানাউল হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিস স্কুলে এসে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। যদিও তাতে ছবি অস্পষ্ট। তবে বোঝা যাচ্ছে ২৫-৩০ বয়সী দুই ‘সুটেট বুটেট’ যুবক গভীর রাতে স্কুলে ঢুকে চুরি করছে। পুলিস সেই ফুটেজ সংগ্রহ করে চুরির কিনারায় নেমেছে।
Advertisement
প্রধান শিক্ষক বলেন, এর আগেও স্কুলে ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। তবে এবার যেভাবে পাঁচিল টপকে ঢুকে একের পর এক ঘরের তালা ভেঙে চোরেরা তাণ্ডব চালিয়েছে তাতে নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি বলেন, স্টাফ রমে থাকা সমস্ত আলিমারি তছনছ করেছে। ওই রুমে থাকা পিতলের ঘণ্টা, ইনডাকশন সহ নানা সামগ্রী চুরি গিয়েছে। তবে মিডডে মিল ও একটি ক্লাস ঘরের তালা ভাঙলেও চাল বা পাখা চুরি যায়নি।



