সংবাদদাতা, রামপুরহাট: মল্লারপুরে মজুরহাটি গ্রামে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিস। যাদের প্রত্যেকের নাম এফআইআরে রয়েছে। এরমধ্যে মুকুল লেট, শিশির লেট ও এক মহিলাকে রবিবার রাতেই গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দেন। সোমবার বিকেলে অনিল বাইন নামে আরও একজনকে ধরে পুলিস। বাকি আরও তিন অভিযুক্তর খোঁজ চলছে বলে পুলিস জানিয়েছে।
Advertisement
গত শুক্রবার গভীর রাতে মল্লারপুরের মজুরহাটি গ্রামে বাবর আলি(৩৫) নামে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। রবিবার দুপুরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এরপরই মৃতের পরিবারের পক্ষ থেকে মজুরহাটি গ্রামের সাতজনের নামে ওই যুবককে পিটিয়ে খুনের অভিযোগ দায়ের করা হয়। মৃতের এক দাদা হুমায়ুন শেখ বলেন, ওইদিন বাবর গ্রামের মাঝে একটি স্কুল চত্বরে বসেছিল। মজুরহাটি গ্রামের কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে গিয়ে মহিলা সম্পর্কিত অপবাদ দিয়ে ব্যাপক মাবধর করে। তাতেই ভাইয়ের মৃত্যু হয়েছে। যদিও মজুরহাটির বাসিন্দাদের অভিযোগ, ওই রাতে মৃত যুবক গ্রামের এক বিধবা মহিলার বাড়িতে ঢুকে পড়ে। প্রতিবেশিরা তাকে হাতেনাতে ধরে মারধর করে। ওইদিন মহিলা ওই যুবকের নামে ধর্ষণের অভিযোগও দায়ের করে। রবিবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই গ্রামের মাঝে পুলিস পিকেট বসানো হয়।



