সংবাদদাতা, রামপুরহাট: রবিবার মল্লারপুর টুরকু হাঁসদা লপসা হেমব্রম কলেজে সাঁওতালি ভাষা দিবস উদযাপিত হল। কলেজের সাঁওতালি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে এই দিনটি উদযাপিত হয়। এদিন সাঁওতালি ভাষা ও সাহিত্যের উদ্ভব ও বিকাশ বিষয়ে এক আলোচনাচক্র হয়। কলেজের এই ভাষার বিভাগের অধ্যাপকরা তাতে অংশ নেন। সাঁওতালি বিভাগের ছাত্রছাত্রীরা নাচগানের মাধ্যমে দিনটি উদযাপন করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ সুমন মুখোপাধ্যায় বলেন, ২০০৩ সালের ২২ ডিসেম্বর ভারতের সংবিধানের ৯২তম সংশোধনীর দ্বারা সাঁওতালি ভাষা সংবিধানের অষ্টম তপশিলের আওতায় আসে। এটা সাঁওতাল সম্প্রদায়ের মানুষের কাছে খুবই আনন্দের দিন।



