সংবাদদাতা, রামপুরহাট: মল্লারপুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিস জানিয়েছে, মৃতের নাম উমাপদ মণ্ডল(৬২)। বাড়ি মল্লারপুর থানার পোড্ডা গ্রামে। গত শুক্রবার তাঁর জমিতে মেশিনে ধান ঝাড়াই করার পর প্রচুর খড়ের টুকরো পড়েছিল। সন্ধ্যায় তিনি সেই খড় এক জায়গায় করে আগুন ধরাচ্ছিলেন। সেই সময় তাঁর শরীরে আগুন ধরে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে কোনওরকমে আগুন নিভিয়ে বৃদ্ধকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করেন। বুধবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।



