সংবাদদাতা, রামপুরহাট: রবিবার দুপুরে মল্লারপুরে বন্ধ থাকা সিনেমা হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে হলের ভিতরে থাকা কয়েকশো চেয়ার, কাঠের সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে মেশিনেরও। জানা গিয়েছে, প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে সিনেমা হলটি বন্ধ রয়েছে। এদিন স্থানীয়রা হল থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন। পরে কাছে গিয়ে দেখেন হলের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে ছুটে আসেন মালিকপক্ষ থেকে আশোপাশের মানুষরা। স্থানীয়রাও প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে খবর পেয়ে রামপুরহাট ও তারাপীঠ থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এলাকার বাসিন্দা বিকাশ দাস বলেন, দীর্ঘ কয়েকবছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে হলটি। হলের সামনে অনেকেই আবর্জনা ফেলে যান। প্রায়ই সেই আবর্জনায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আমাদের ধারনা এখান থেকেই কোনওভাবে হলে আগুন লেগে গিয়েছে। যদিও মালিক পক্ষের সুজয় ঘোষ বলেন, এই আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। কারণ, হলের বাইরে কোনও আগুন লাগেনি। অথচ ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। হলের কিছু জানালা ভাঙা অবস্থায় ছিল। কেউ সেই জানালা দিয়ে প্রবেশ করে আগুন লাগিয়ে থাকতে পারে। তিনি বলেন, আগুনে তিনশো পিস চেয়ার, বহু ফ্যান পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রজেক্টর মেশিনেরও।



