Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহের হরিশ্চন্দ্রপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ৩

মালদহের হরিশ্চন্দ্রপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ৩
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: প্রাতঃভ্রমণেই বেরিয়েছিলেন। কিন্তু তাঁদের আর বাড়ি ফেরা হল না। বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিনজনের। জখম হয়েছেন চালক সহ আরও দু’জন। আজ, শনিবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। মৃতদের নাম দিলীপ সাহা (৪৯), সুরেশ খৈতান (৬০) এবং ফেকন লাল রাম (৬৫)। তাঁদের বাড়ি তুলসিহাটায়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Advertisement
স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর পাঁচটা নাগাদ হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নম্বর জাতীয় সড়কের কাবুয়ারোড এলাকায় প্রতিদিনের মতো তাঁরা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ঠিক তখনই তুলসিহাটার দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি পিকআপ ভ্যান আচমকাই তাঁদের ধাক্কা দেয়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার ধারের একটি খালে পড়ে যায়। ওই তিনজনকে সজোরে ধাক্কা মারায় ওই তিনজন ব্যক্তি রাস্তা থেকে প্রায় ৫০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। তারা দেহগুলিকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।   
পুলিস সূত্রে খবর, ঘাতক ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালক হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন। পরে তাঁর অবস্থার অবনতি হলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ