Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহ থেকে শিলিগুড়িতে ঢুকছে ‘লোহা’ ও ‘দানা’

মালদহ থেকে শিলিগুড়িতে ঢুকছে ‘লোহা’ ও ‘দানা’
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: ‘লোহা’ ও ‘দানা’! এমন সাঙ্কেতিক নামেই মালদহ থেকে শিলিগুড়িতে আসছে অত্যাধুনিক নাইন এমএম পিস্তল ও গুলি। বুধবার বিকেলে বাগডোগরায় আগ্নেয়াস্ত্র সহ বালুরঘাটের তিন কারবারিকে পাকড়াও করে এমন তথ্য পেয়েছে শিলিগুড়ি পুলিস। তারা ধৃতদের কাছ থেকে দু’টি নাইন এমএম পিস্তল, দু’টি ম্যাগজিন ও ৩০ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে। ধৃতদের সঙ্গে বিহারের বেআইনি ‘আর্মস সিন্ডিকেটের’ সংস্রব রয়েছে বলে পুলিসের সন্দেহ। যাদের ঘাঁটি রয়েছে মালদহে।
Advertisement
শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, সোর্স মারফত খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িতে সক্রিয় হয়ে উঠছে বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারিরা। সূত্রে খবর পেয়ে এদিন বাগডোগরা থানার পুলিসের সঙ্গে যৌথভাবে অভিযানে নামে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। তারা সকাল থেকে বাগডোগরা বিমানবন্দরের কাছে বিহার মোড়ে ছিল।
পুলিস জানিয়েছে, বুধবার বিকেলে বিহার মোড়ের কাছে বাস থেকে নামে তিন যুবক। বাসটি বালুরঘাট থেকে শিলিগুড়ি যাচ্ছিল। তাদের পিঠে ব্যাগ ছিল। তাদের দাঁড়াতে বললে তারা কিছু না বলে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। দৌঁড়ে তাদের ধরা হয়। তল্লাশি চালিয়ে দু’টি ব্যাগ থেকে দু’টি নাইন এমএম পিস্তল ও আর একটি ব্যাগ থেকে ৩০ রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপর তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম পুলক রায়, সৌমিত্র পাল ও প্রীতম সরকার। প্রত্যেকেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে। আগ্নেয়াস্ত্রের এই কনসাইনমেন্ট বাগডোগরায় হস্তান্তর হতো। সম্ভবত শিলিগুড়ির কোনও দুষ্কৃতী সেগুলি সংগ্রহ করত।
বালুরঘাটের এই গ্যাংকে পাকড়াও করে পুলিস চাঞ্চল্যকর কিছু তথ্য পেয়েছে। শিলিগুড়ি পুলিস কমিশনারেটের অফিসাররা ও গোয়েন্দারা ধৃতদের জেরা করেছেন। গোয়েন্দা সূত্রের খবর, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলির ‘কোড নেম’ রয়েছে। আগ্নেয়াস্ত্রের নাম ‘লোহা’, আর গুলির নাম ‘দানা’। পুলিসের নজর এড়াতেই এমন নাম ব্যবহার করা হয় বলে ধৃতরা জানিয়েছে। আগ্নেয়াস্ত্রগুলি বিহারে তৈরি। সেগুলি মালদহ থেকে সংগ্রহ করেছে বলে তারা জানিয়েছে। বিহারের আগ্নেয়াস্ত্র তৈরির কারবারিদের ডেরা মালদহে রয়েছে বলে গোয়েন্দাদের অনুমান।
আজ, বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। পুলিস সূত্রের খবর, ঘটনার তদন্তের প্রয়োজনে ধৃতদের হেফাজতে নেওয়া হবে। এদিকে সামনেই মাদারিহাট-বীরপাড়া এবং সিতাই বিধানসভা কেন্দ্র দু’টির উপ নির্বাচন। ইতিমধ্যে সংশ্লিষ্ট দু’টি এলাকার ভোটের ময়দান সরগরম। সংশ্লিষ্ট এলাকাগুলিতে আগ্নেয়াস্ত্রগুলি পাচার করা হতো কি না তাও খতিয়ে দেখছে পুলিস। 
সম্পর্কিত সংবাদ