Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে সিভিক ভলান্টিয়ারকে কুপিয়ে খুনের চেষ্টা, সম্পত্তি নিয়ে বচসা, অভিযুক্ত সৎ ভাই

মালদহে সিভিক ভলান্টিয়ারকে কুপিয়ে খুনের চেষ্টা, সম্পত্তি নিয়ে বচসা, অভিযুক্ত সৎ ভাই
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: বাবার সম্পত্তি নিয়ে বিবাদ। আর সেই বিবাদে  সিভিক ভলান্টিয়ারকে কুপিয়ে খুনের চেষ্টা করল তাঁর এক আত্মীয়। আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের নাম রিতেন মণ্ডল (৩০)। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশবাজার থানার অন্তর্গত রামকেল বেকি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় এই সিভিক ভলান্টিয়ার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। 
Advertisement
মালদহ জেলা পুলিসের এক আধিকারিক জানান, থানায় অভিযোগ হয়েছে। সবদিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, বাবার জায়গা ভাগাভাগি নিয়ে সিভিক ও তাঁর ওই আত্মীয়ের মধ্যে বচসা শুরু হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। তখনই ওই আত্মীয়ের হাতে আক্রান্ত হন সিভিক। ধারালো অস্ত্র দিয়ে সিভিককে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের।
সিভিকের ওপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ইংলিশবাজার থানায় অভিযোগ দায়ের করেছে জখমের পরিবার। রিতেন ইংলিশবাজার থানার অন্তর্গত বাঁধাপুকুর এলাকায় কর্মরত। স্ত্রী ছাড়াও তাঁর পরিবারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে।
জানা গিযেছে, রিতেনের বাবা নিরঞ্জন দু’বছর আগে মারা যান। মৃত্যুর আগে ছয় কাঠা জমি নিরঞ্জন তাঁর ছেলে রিতেনের নামে লিখে দেন। সেই জমি নিয়েই ঝামেলার সূত্রপাত। মাঝেমধ্যেই রিতেন ও তাঁর আত্মীয়দের মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকত। সেই জমির ভাগ দাবি করত ওই আত্মীয়েরা। 
মঙ্গলবার জমি থেকে কাজকর্ম সেরে বাড়ি আসেন রিতেন। সন্ধ্যায় রিতেনের দুই আত্মীয় ও এক ব্যক্তি তাঁর বাড়ি আসে। দুই পক্ষের মধ্যে বচসা হয়। তখনই রিতেনের ওপর এলোপাথাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে সিভিকের পেটে ও মাথায় আঘাত করা হয়। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসার আগে অভিযুক্তরা পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। খবর  পেয়েই  ঘটনাস্থলে পৌঁছয় ইংলিশবাজার থানার পুলিস। রক্তাক্ত সিভিককে উদ্ধার করে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। থানায় অভিযোগ দায়ের হলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করেনি পুলিস। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। জখম সিভিক ভলান্টিয়ারের পরিবার অভিযুক্তদের  দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছে।
সম্পর্কিত সংবাদ