সংবাদদাতা, মালদহ: শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ শিষ্য স্বামী প্রেমানন্দজী মহারাজের হাতে গোড়াপত্তন হয়েছিল মালদহ রামকৃষ্ণ মিশন আশ্রমের। ১০০ বছর আগে প্রতিষ্ঠিত মালদহ রামকৃষ্ণ মঠ ও মিশন এবছর পদার্পণ করেছে শতবর্ষে। ২৩ থেকে ২৮ ডিসেম্বর - ছয়দিন ধরে হবে এই শতবর্ষ উদ্যাপনের অনুষ্ঠান। বিভিন্ন পর্যায়ে এই শতবার্ষিকী পালনে অংশ নেবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের গভর্নিং বডি ও অছি পরিষদের সদস্য সন্ন্যাসীরা ছাড়াও প্রবীণ সাধুরা যাঁরা বিভিন্ন সময়ে এই আশ্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট থেকেছেন নিবিড়ভাবে। মালদহ রামকৃষ্ণ মিশন আশ্রমে শতবার্ষিকী উদ্যাপন ঘিরে এখন তাই সাজোসাজো রব। মালদহ রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী ত্যাগরূপানন্দ বলেন, ১৯১৪ সালে মালদহের বেশ কয়েকজন বাসিন্দা শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের ভাব আন্দোলনে যুক্ত হন। তাঁদের যৌথ প্রচেষ্টায় ১৯২৪ সালে এই আশ্রম অধিগ্রহণ করে রামকৃষ্ণ মঠ ও মিশনের হেড কোয়ার্টার। এই আশ্রমের শতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে মালদহে আসছেন রামকৃষ্ণ সঙ্ঘের দুই প্রবীণ সঙ্ঘাধ্যক্ষ স্বামী গিরিশানন্দ ও স্বামী দিব্যানন্দ।



