Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহ পুরসভার পাশাপাশি ভবানী মোড়ের কার্নিভালেও ঢল মানুষের

মালদহ পুরসভার পাশাপাশি ভবানী মোড়ের কার্নিভালেও ঢল মানুষের
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মালদহ: শহরের দু’প্রান্তে দুই কার্নিভাল। কিন্তু ভিড়ের নিরিখে কার্যত পাল্লা দিচ্ছে দুই কার্নিভালেরই জনপ্রিয়তা। ইংলিশবাজার পুরসভার উদ্যোগে মালদহ শহরের বিবেকানন্দ বিদ্যামন্দির লাগোয়া ময়দানে শুরু হয়েছে কার্নিভাল। পুরসভার তরফে এই কার্নিভাল হলেও সকাল থেকে রাত পর্যন্ত তদারকির মূল দায়িত্ব রয়েছে কার্যত চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীর কাঁধেই। অন্যদিকে ঝলঝলিয়া এলাকার ভবানী মোড়ে অপর কার্নিভালের প্রধান উদ্যোক্তা ইংলিশবাজার পুরসভারই আরেক প্রবীণ কাউন্সিলার তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান দুলাল সরকার। বড়দিনে আরম্ভ হওয়া এই দুই কার্নিভালে মানুষের ভিড় জমছে চোখে পড়ার মতো। ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুবাবু বলেন, প্রতিবারের মতো এবারও মানুষের উৎসাহ উপচে পড়ছে আমাদের এই কার্নিভালে। মানুষের বিনোদনের লক্ষ্যে প্রায় প্রতিদিনই পুরসভার এই কার্নিভালে আসছেন মুম্বইয়ের প্লেব্যাক সিঙ্গার থেকে মিউজিশিয়ানরা। বুধবার মহম্মদ দানিশের অনুষ্ঠান ছিল। মানুষের তা ভালো লেগেছে। বৃহস্পতিবার মহম্মদ ইরফানের অনুষ্ঠানের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরসভার এই কার্নিভাল মানুষ যেভাবে গ্রহণ করেছেন তাতে আমরা অভিভূত।
Advertisement
অন্যদিকে ভবানী মোড়ে কার্নিভালের মূল আয়োজক দুলালবাবু বলেন, আমি যখন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলাম তখনই কার্নিভালের কথা প্রথমবার ভাবি। পরে নীহাররঞ্জন ঘোষ চেয়ারম্যান ও আমি ভাইস চেয়ারম্যান থাকাকালীন পুরসভার কার্নিভাল শুরু করি। তবে ঝলঝলিয়া এলাকায় কার্নিভালের এক বিশেষ তাৎপর্য রয়েছে। এখানে যেমন দুটি গির্জা রয়েছে, তেমনই রয়েছে মা মনস্কামনার মন্দির। রয়েছে ইদগাহ ময়দানও। সব ধর্মের মানুষের মিলনক্ষেত্রে আমাদের এই কার্নিভাল। বিভিন্ন টিভি চ্যানেলের সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নতুন প্রজন্মের শিল্পীরা আমাদের কার্নিভাল মাতিয়ে তুলেছে। পাশাপাশি আমরা মালদহের উদীয়মান সংস্কৃতি প্রতিভাদেরও এই মঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ করে দিচ্ছি। অন্য কার্নিভালের সঙ্গে আমাদের প্রতিযোগিতা নেই। তবে বর্ষশেষে উৎসবপ্রিয় মানুষকে সাংস্কৃতিক পরিবেশে এক নতুন বিনোদন উপহার দিচ্ছি আমরা।
সম্পর্কিত সংবাদ